বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত আশা প্রকাশ করে বলেছেন, আগামী মাসে কক্সবাজারে আন্তর্জাতিক বিমানবন্দর চালু হওয়ার পর নেপালের হিমালয়া এয়ারলাইন্স সেখানে সরাসরি ফ্লাইট পরিচালনা করতে পারে।
বুধবার (১৪ অক্টোবর) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রীর দপ্তরে বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী সৌজন্য সাক্ষাৎ করতে গেলে মন্ত্রী এ প্রত্যাশার কথা জানান। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হলে নেপালি পর্যটকদের সরাসরি সমুদ্রসৈকতের এই শহরে ভ্রমণের নতুন সুযোগ সৃষ্টি হবে এবং দুই দেশের মধ্যে পর্যটন সহযোগিতার নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হতে পারে।
এ প্রেক্ষাপটে পর্যটন মন্ত্রী বলেন, হিমালয়া এয়ারলাইনস কক্সবাজারে সরাসরি ফ্লাইট চালুর বিষয়টি বিবেচনা করতে পারে।
এদিকে, নেপালি পক্ষ ঢাকা-পোখারা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট চালুর বিষয়ে আগ্রহ প্রকাশ করে।
বৈঠকে তারা দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং পর্যটন ও আকাশপথে যোগাযোগের ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের উপায় নিয়ে আলোচনা করেন। তারা পর্যটক বিনিময় বৃদ্ধি, যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং পর্যটন প্রসারে যৌথ উদ্যোগ গ্রহণের সম্ভাবনা নিয়েও আলোচনা করেন।
উভয়পক্ষ আশা প্রকাশ করেছে, আকাশপথে যোগাযোগ ও পর্যটন সহযোগিতা জোরদার হলে বাংলাদেশ-নেপালের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হবে।
