আসন্ন দুর্গাপূজায় অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে মন্দির ও পূজামণ্ডপের নিরাপত্তায় রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের পালাক্রমে পূজামণ্ডপ পাহারা দেওয়ার ব্যবস্থা করার পরামর্শ দিয়েছেন তিনি। পাশাপাশি নিষিদ্ধ সংগঠন বা কোনো গোষ্ঠী যাতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান প্রতিমন্ত্রী।
গতকাল রবিবার সকাল ৯টায় কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, দুর্গাপূজার
সময় আজান ও নামাজের প্রতি সম্মান দেখিয়ে পূজামণ্ডপে সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করতে হবে। এ জন্য আজান ও নামাজের সময়সূচি তৈরি করে জেলার প্রতিটি পূজামণ্ডপে পৌঁছে দেওয়ার পরামর্শ দেন তিনি। এতে সংশ্লিষ্ট ব্যক্তিরা সময়সূচি সম্পর্কে জানতে পারবেন এবং সে অনুযায়ী সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করতে পারবেন। পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করে ইয়াসের খান চৌধুরী বলেন, প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরা সচল রাখতে হবে। পাশাপাশি ক্যামেরায় ধারণ করা ফুটেজ সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। এক্ষেত্রে মোবাইল ফোন কিংবা অনলাইন ক্লাউডে ফুটেজ সংরক্ষণ করা যেতে পারে। অগ্নিকাণ্ডের ঝুঁকি মোকাবিলায় প্রতিটি পূজামণ্ডপে উপযুক্ত অগ্নিনির্বাপণ যন্ত্র রাখারও পরামর্শ দেন প্রতিমন্ত্রী।
পূজামণ্ডপে যাতায়াতের সড়কে কোনো সমস্যা থাকলে তা দ্রুত প্রশাসনকে জানানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও জেলা প্রশাসনের মাধ্যমে প্রয়োজনীয় সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।
জেলা প্রশাসক সোহানা নাসরিনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন, কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল, জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান প্রমুখ।
