মিলি রহমান।।
অনেকেই ঝাল খাবার খেতে পারেন না। কারও কারও আবার ঝাল জাতীয় খাবার খুবই পছন্দের। ঝাল খাবার খেলে অনেকের জিহ্বায় জ্বালাপোড়া অনুভূতি হয়, নাক মুখ ঘামতে থাকে। কিন্তু আপনি জানেন কি, ঘাম ঝরানো ছাড়াও ঝাল খাবারে প্রচুর স্বাস্থ্য উপকারিতা রয়েছে? খাদ্যতালিকায় সামান্য ঝাল যোগ করা আপনার হৃদপিণ্ডের জন্য ভালো । এটি ওজন কমাতেও সাহায্য করতে পারে। ঝাল খাবার খেলে আরও কী কী উপকার হয় তা জানানো হয়েছে ‘হেলদি বিল্ডার্জে’র এক প্রতিবেদনে।
হৃৎপিণ্ডের স্বাস্থ্য ভালো রাখে
ঝাল খাবার হৃৎপিণ্ডের স্বাস্থ্য উন্নত করতে পারে। গবেষণায় দেখা গেছে, যেসব দেশে ঝাল খাবার প্রধান খাদ্য, সেসব দেশের মানুষের হৃৎরোগজনিত সমস্যায় ভোগার সম্ভাবনা তাদের চেয়ে কম, যারা তেমন ঝাল খাবার খান না। এর একটি কারণ হলো, খাবারে উপস্থিত মরিচ খারাপ কোলেস্টেরল কমাতে পারে এবং প্রদাহের বিরুদ্ধে লড়াই করতে পারে, যা হৃদরোগের কারণ হতে পারে।
ওজন কমাতে সহায়ক
ঝাল খাবার ওজন কমাতে সাহায্য করে। যারা ওজন কমাতে চান, তাদের জন্য ঝাল খাবার খাওয়া সহায়ক বলে মনে হয়। গবেষণা অনুসারে, মরিচের ঝাল আপনার বিপাকক্রিয়া ৫ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দিতে পারে । সেই সঙ্গে শরীরের মেদ ঝরানোর ক্ষমতা ১৬ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পায়। এছাড়াও, যখন আপনি মশলাদার খাবার খান, তখন তা আপনার ক্ষুধা বা খাবারের আকাঙ্ক্ষা কমাতে সাহায্য করে, ফলে আপনি কম খান। এর অর্থ হলো এতে আপনার শরীরে ক্যালোরির পরিমাণও কমে যায়।
রক্তচাপ কমায়
মসলাদার খাবার খাওয়ার আরেকটি স্বাস্থ্য উপকারিতা হলো এটি আপনার উচ্চ রক্তচাপ কমাতে পারে। মসলাদার খাবারে ভিটামিন এ এবং সি থাকে, যা আপনার হৃৎপিণ্ডের প্রাচীরকে শক্তিশালী করতে সাহায্য করে, অন্যদিকে মরিচের ঝাল রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয়, ফলে আপনার রক্তচাপ স্বাভাবিক হয়ে আসে।
হৃৎপিণ্ডের জন্য উপকারী
হলুদ এবং মরিচ আপনার হৃৎপিণ্ডের জন্য উপকারী, কারণ এগুলো আপনার রক্তনালীকে প্রসারিত করতে পারে। এর ফলে আপনার রক্তচাপ কমে যায়। সেই সঙ্গে স্ট্রোক বা হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে। হলুদে প্রদাহ-বিরোধী বৈশিষ্ট্য রয়েছে যা রক্ত কোষের ক্ষতি পূরণ করতে পারে। এটি আপনার খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে, যা আপনার হৃৎপিণ্ডকে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ।
মেজাজ ভালো রাখে
আপনার মেজাজ যদি প্রায়ই ওঠানামা করে বা আপনি প্রায়ই বিষণ্ণ থাকেন, তবে মসলাদার খাবার খেতে পারেন। এটি আপনার অনুভূতির উপর সত্যিই দারুণ কাজ করতে পারে। এর কারণ হলো, মসলাদার খাবার খেলে ভালো লাগার হরমোন নিঃসরণ হয়,যার ফলে আপনি আগের চেয়ে অনেক ভালো অনুভব করবেন।
