বলে শ্রী চরণী। ব্যাটে প্রতীকা রাওয়াল। দুই সতীর্থের দাপটে টি-টোয়েন্টির মতো এক দিনের সিরিজ়ের নেতৃত্বও জয় দিয়ে শুরু করলেন স্মৃতি মন্ধানা। বরোদার কোটাম্বি স্টেডিয়ামে শুক্রবার প্রথম এক দিনের ম্যাচে ৯ উইকেটে জিতেছে ভারত।
টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন জ়িম্বাবোয়ের অধিনায়ক নোমভেলো সিবান্দা। তবে শুরুটা মোটেই ভাল হয়নি তাদের। তৃতীয় ওভারে ওপেনার লোরিন ফিরিকে (৩) ফিরিয়ে দেন ক্রান্তি গৌড়। দলের হাল ধরেন মডেস্টার মুপাচিকাওয়া এবং চিপো মুগেরি-তিরিপানো। যদিও ৪৩ রানের জুটি ভাঙেন শ্রী চরণী। ফেরান তিরিপানোকে (২১)।
এর পর নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে জ়িম্বাবোয়ে। কোনও জুটিই দীর্ঘস্থায়ী হয়নি। এক মাত্র বিলাভের বিজ়া (৬২) ছাড়া জ়িম্বাবোয়ের কোনও ব্যাটারের মধ্যে লড়াইয়ের মানসিকতা দেখা যায়নি। শ্রী চরণী ১০ ওভারে ২৩ রানে ৪ উইকেট নেন। এটিই এক দিনের ক্রিকেটে তাঁর সেরা বোলিং। ক্রান্তি ৪২ রানে ৩ উইকেট নেন। ২ উইকেট দীপ্তি শর্মার। একটি উইকেট শেফালি বর্মার। যদিও ফিল্ডিং নিয়ে চিন্তা রয়েই যাচ্ছে। এ দিন তিনটি ক্যাচ ফেলেছে ভারত।
রান তাড়া করতে নেমে কখনওই সমস্যায় পড়েনি ভারত। দুই ওপেনার প্রতীকা এবং স্মৃতি অনায়াসে জ়িম্বাবোয়ের বোলারদের খেলতে থাকেন। কোনও বোলারকেই মনে হয়নি ভারতীয়দের একটুও চাপে ফেলতে পারেন।
৩৪ বলে ৩২ করে ওলিন্ডার চারের বলে ফেরেন স্মৃতি। তিনে নামা শেফালি টি-টোয়েন্টির ঢংয়ে রান তাড়া করেছেন। তাঁর ৩৩ বলে অপরাজিত ৬৪ রানের ইনিংসে রয়েচে পাঁচটি চার এবং চারটি ছয়। এক সময় মনে হচ্ছিল প্রতীকার শতরান হবে না। শেষ পর্যন্ত ২৭তম ওভারের শেষ বলে চার মেরে ৯৬ বলে শতরান পূরণ করেন প্রতীকা। তিনি ১০০ রানেই অপরাজিত থাকেন। ভারত-জ়িম্বাবোয়ের পরের ম্যাচ রবিবার, ২৫ অক্টোবর।
