বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য পদে নিয়োগ পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শামীমা সুলতানা। ২৫ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ (০৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেছেন সিনিয়র সহকারী সচিব আল-বশিরুল ইসলাম।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি এ নিয়োগ দিয়েছেন। অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে জনস্বার্থে তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।
সংবিধানের ১৩৯(১) অনুচ্ছেদ অনুযায়ী, ড. শামীমা সুলতানা দায়িত্বভার গ্রহণের তারিখ থেকে পাঁচ বছর অথবা তাঁর ৬৫ বছর বয়স পূর্ণ হওয়া পর্যন্ত—যেটি আগে ঘটে—বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য পদে বহাল থাকবেন।
অধ্যাপক ড. শামীমা সুলতানা বলেন, বাংলাদেশ সরকার তাঁর ওপর আস্থা রেখে যে দায়িত্ব দিয়েছে, তিনি যেন তা যথাযথভাবে পালন করতে পারেন এবং সবসময় সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকতে পারেন।
