Published on
:
1 min read
এই সময়, সিউড়ি: নির্বাচনী প্রচারে নেতাদের থেকে বহু প্রতিশ্রুতি মিললেও ভোট মিটলেই তাঁদের আর দেখা মেলে না— এমন অভিযোগ নতুন নয়। কিন্তু এ বিষয়ে যে বিজেপি সতর্ক, তার আভাস পাওয়া গেল রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়ের কথায়।
রবিবার বীরভূমের চিনপাই গ্রামের একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে জগন্নাথ বলেন, 'আমি আপনাদের ঘরের ছেলে। আশীর্বাদ করে বিধানসভায় পাঠিয়েছেন। তাই বেচাল দেখলে কানমোলার অধিকারও আছে আপনাদের। যতটা উন্নয়ন করব বলেছিলাম, যদি দেখেন সে রকম হচ্ছে না, তা হলে সতর্ক করবেন, আমি নিজেকে শুধরে নেব।' পরে সংবাদমাধ্যমকে জগন্নাথ বলেন, 'আমরা জনসেবক। জনতা জিতেছে বলে বিধায়ক-মন্ত্রী হয়েছি। তাই তাদের চড় মারার অধিকার যেমন আছে, তেমনই কানমোলার অধিকারও আছে।' সিজেপির আন্দোলন প্রসঙ্গে মন্ত্রীর দাবি, 'বিদেশি শক্তি দেশকে অস্থির করার চেষ্টা করছে। কিন্তু তা হবে না।' নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে একশোতে একশো নম্বর দিয়ে জগন্নাথ বলেন, 'ভোটার লিস্ট থেকে নাম বাদ যাওয়ার পরে নাম তোলার জন্য তেমন আবেদন জমা পড়েনি। তা হলে বোঝাই যাচ্ছে, তাঁরা স্বীকার করে নিয়েছেন যে তাঁরা এ দেশের নাগরিক ছিলেন না। তৃণমূল এই সব ভোটারদের দিয়ে ভোটে জিতত। তাই তাদের গায়ে জ্বালা ধরছে।'
সিপিএম নেতা বিকাশবান্ধব ভট্টাচার্যের বাড়িতে হামলা এবং তা নিয়ে বিকাশের 'হিন্দুত্ববাদীদের' কাঠগড়ায় তোলা সংক্রান্ত পোস্ট নিয়ে উচ্চশিক্ষামন্ত্রীর বক্তব্য, 'বিভিন্ন জায়গায় তাঁর বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ দায়ের হয়েছে। প্রশাসন ব্যবস্থা নেবে।' জগন্নাথের এই বক্তব্য নিয়ে সিপিএমের জেলা সম্পাদক গৌতম ঘোষ বলেন, 'উনি শাসন করার কথা বলে চালাকি করছেন। নির্বাচনে ফল প্রকাশের পরে যেখানে যেখানে অশান্তি হয়েছে, সেখানে গিয়েও তাই বলেছেন। বিকাশবাবু আইনের লোক, উনি ঠিক জবাব দিয়ে দেবেন।'
