আজকাল ওয়েবডেস্ক: দু’দিনের বঙ্গ সফরে শনিবার রাতে কলকাতায় পা রাখলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার রাত ৮টা ১০ মিনিটে কলকাতা বিমানবন্দরে পৌঁছন তিনি। ৮টা ২৭ মিনিটে পায়ে হেঁটে ছাতা মাথায় বিমানবন্দর থেকে বেরন অমিত শাহ। আলিপুরের সৌজন্যে রাতে থাকবেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রীকে এদিন বিমানবন্দরে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য, লকেট চট্টোপাধ্যায় সহ একাধিক বিজেপি নেতৃত্ব।
রবিবার সকাল থেকে ঠাসা কর্মসূচি রয়েছে অমিত শাহের। বেলুড় মঠে পুজো ও দর্শন দিয়ে শুরু হবে তাঁর এই সফরের কর্মসূচি। এরপর হাওড়ার বালি দেশবন্ধু ক্লাবের দুর্গাপুজো মণ্ডপে যাবেন তিনি। সেখান থেকে কলকাতায় ফিরে একাধিক পুজো মণ্ডপ পরিদর্শন করে রবিবার বিকেলেই দিল্লি ফিরে যাওয়ার কথা স্বরাষ্ট্রমন্ত্রীর।
রবিবার সকাল ১০টা ৫০ মিনিটে আলিপুরের সৌজন্য থেকে বেলুড় মঠের উদ্দেশে রওনা দেবেন অমিত শাহ। সকাল ১১টা ১০ মিনিট থেকে ১১টা ৫০ মিনিট পর্যন্ত বেলুড় মঠে দর্শন ও পুজো দেবেন। এরপর যাবেন হাওড়ার বালি দেশবন্ধু ক্লাবের দুর্গাপুজো মণ্ডপে। সেখানে প্রায় আধ ঘণ্টা সময় কাটিয়ে দুপুর ১২টা ২৫ মিনিটে ফের আলিপুরের উদ্দেশে রওনা দেবেন তিনি।
দুপুরে মধ্যাহ্নভোজের পর কলকাতার একাধিক পুজো মণ্ডপে যাওয়ার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। দুপুর ১টা ৩৫ মিনিট থেকে ১টা ৫৫ মিনিট পর্যন্ত চেতলার ২৪ পল্লির দুর্গাপুজো পরিদর্শন করবেন। এরপর যাবেন শোভাবাজার রাজবাড়ির দুর্গাপুজোয়। সেখানে দুপুর ২টো ১০ মিনিট থেকে ২টো ২৫ মিনিট পর্যন্ত থাকার কথা এমনটাই সূত্রের খবর। সফরের শেষে লেকটাউনের শ্রীভূমি দুর্গাপুজো মণ্ডপে যাবেন অমিত শাহ। দুপুর ২টো ৩০ মিনিট থেকে ২টো ৪৫ মিনিট পর্যন্ত সেখানে থাকার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর।
এরপর কলকাতা বিমানবন্দরে পৌঁছে বিকেল ৩টা ৫ মিনিটে ভারতীয় বায়ুসেনার বিমানে দিল্লির উদ্দেশে রওনা দেওয়ার কথা তাঁর।
