চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম প্রশাসনিক ভবনের তালা ভেঙে নিজ কার্যালয়ে প্রবেশ করেছেন। আজ সোমবার (১২ অক্টোবর) সকাল পৌনে ৯টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক ও বর্তমান কয়েকজন নেতাকর্মীকে সঙ্গে নিয়ে তিনি উপাচার্য কার্যালয়ে প্রবেশ করেন।
নতুন ভিসির ক্যাম্পাসে প্রবেশের ঘটনা জানাজানি হওয়ার পর থেকে বিশ্ববিদ্যালয় জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা।
সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে ভিসি হিসেবে নিয়োগের মাত্র ৫৬ দিনের মাথায় গত ২১ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয় কুয়েটের অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেয়।
এ সিদ্ধান্তের প্রতিবাদে ও অধ্যাপক সায়েমকে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীরা সেদিন রাতেই ক্যাম্পাসে বিক্ষোভ করেন। পরদিন ২২ সেপ্টেম্বর থেকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছেন তারা।
শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে ২২ সেপ্টেম্বর থেকে কর্মবিরতিসহ নানা কর্মসূচি পালন করছেন শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরাও।
দীর্ঘ ২০ দিন ধরে ক্লাস-পরীক্ষা, সেমিস্টার মূল্যায়ন ও গবেষণা কার্যক্রম বন্ধ থাকায় বিশ্ববিদ্যালয়ে চরম স্থবিরতা তৈরি হয়েছে। তৈরি হয়েছে সেশনজটের আশঙ্কা।
