৯ হাজারের ক্লাবে লিটন দাস
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০১:১২ পিএম
ছবি: সংগৃহীত
-->ব্যাক টু ব্যাক হাফসেঞ্চুরি লিটস দাসের। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম ইনিংসে কিপার-ব্যাটার করেছিলেন ৫৩ রান। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আজ (১২ অক্টোবর) দ্বিতীয় ইনিংসে ৫০-এর ঘরে পৌঁছে গেছেন অভিজ্ঞ লিটন। যাত্রাপথে তিনি স্পর্শ করেছেন ৯ হাজার আন্তর্জাতিক রানের মাইলফলক।
বাংলাদেশের জার্সিতে সর্বোচ্চ আন্তর্জাতিক রানের মালিক মুশফিকুর রহিম। টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি মিলিয়ে তার মোট রান ১৬ হাজার ২৫২। এই তালিকায় লিটনের অবস্থান পঞ্চম স্থানে। এই রিপোর্ট লেখা পর্যন্ত তার রান ছিল ৯ হাজার ৩৪। লিটন ও মুশফিকের মাঝে রয়েছেন তামিম ইকবাল, সাকিব আল হাসান এবং মাহমুদউল্লাহ।
বাংলাদেশের জার্সিতে সর্বোচ্চ আন্তর্জাতিক রান
| নাম | ম্যাচ | ইনিংস | রান |
| মুশফিকুর রহিম | ৪৮২* | ৫৪৪ | ১৬২৫২ |
| তামিম ইকবাল | ৩৮৭ | ৪৪৮ | ১৫১৯২ |
| সাকিব আল হাসান | ৪৪৭ | ৪৯১ | ১৪৭৩০ |
| মাহমুদউল্লাহ | ৪৩০ | ৪৩৩ | ১১০৪৭ |
| লিটন দাস | ২৮৫* | ৩২৪ | ৯০৩৪ |
অনিক/
আরও পড়ুন
ম্যানসিটির ঐক্যের প্রশংসায় মারেস্কা
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০১:০৪ পিএম
ছবি: সংগৃহীত
-->প্রিমিয়ার লিগের আর্থিক নীতিমালা ভঙ্গের অভিযোগে স্বাধীন কমিশনের রায়ের পর প্রথম ম্যাচেই বড় জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। রবিবার (১১ অক্টোবর) রাতে অ্যানফিল্ডে লিভারপুলকে ৩-০ গোলে হারিয়েছে দলটি। এই জয়ের পর দলের ঐক্য ও সংহতির প্রশংসা করেছেন কোচ এনজো মারেস্কা।
ম্যাচে ম্যানসিটির প্রধান নির্বাহী ফেরান সরিয়ানো ও ফুটবল পরিচালক হুগো ভিয়ানাও উপস্থিত ছিলেন। দলকে সমর্থন দেন তারা। ক্লাবের শীর্ষ কর্মকর্তাদের এমন উপস্থিতিতে সন্তোষ প্রকাশ করেন মারেস্কা।
ম্যাচ শেষে ম্যানসিটি কোচ বলেন, ‘ফেরান সেখানে ছিলেন, হুগোও ছিলেন। আমরা সবাই এক সঙ্গে ছিলাম। লিভারপুলের মতো দলের মাঠে এই ম্যাচটির গুরুত্ব বিবেচনায় ক্লাব কর্তৃপক্ষের একসঙ্গে থাকাটা দারুণ এক সিদ্ধান্ত ছিল। এই মুহূর্তে আমাদের এই ঐক্যটাই সবচেয়ে বেশি প্রয়োজন।’
ক্লাবের নানা গুঞ্জন ও সমালোচনা খেলোয়াড়রা কীভাবে সামলেছেন- এমন প্রশ্নে মারেস্কা বলেন, ‘গত দুই-তিন সপ্তাহ খেলোয়াড়দের জন্য সহজ ছিল না, তবে আমি মনে করি তারা পরিস্থিতি খুব ভালোভাবে সামলে নিয়েছে। আমি আগেই বলেছিলাম, বাইরের এই আলোচনা বা গুঞ্জনকে কীভাবে সামলাতে হয়, তা আমাদের শিখতে হবে।’
তিনি আরও বলেন, ‘পরিস্থিতির কারণে এই আলোচনা বা সমালোচনার ঝড় চলতেই থাকবে, তাই আমাদের এর সঙ্গে মানিয়ে নিতে হবে। একই সঙ্গে, মাঠের খেলায় জয় পেয়ে নিজেদের পারফরম্যান্স দিয়ে সেই সমালোচনার জবাব দিতে হবে, যেমনটা আমরা আজ করেছি। ম্যাচের শেষ সময়ে আমাদের সমর্থকদের গলাতেই অ্যানফিল্ড মুখরিত ছিল, লিভারপুল সমর্থকদের নয়।’
সম্ভাব্য নিষেধাজ্ঞার আশংঙ্কা তার জয়ের আনন্দ কিছুটা হলেও ম্লান করে দিয়েছে কিনা জানতে চাইলে মারেস্কা বলেন, ‘আপনি কল্পনাও করতে পারবেন না আমি কতটা আনন্দিত। আমি এখানে আছি দল প্রস্তুত করতে এবং ম্যাচগুলো গুছিয়ে নিতে।’
পাপ্পু/
আরও পড়ুন
বিশ্ব ফুটবলের পরবর্তী ১০ তারকা বেছে নিলেন মেসি
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ১২:১৮ পিএম
আপডেট: ১২ অক্টোবর ২০২৬, ১২:৪০ পিএম
ছবি: সংগৃহীত
-->আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন লিওনেল মেসি। তবে ফুটবলের ভবিষ্যৎ নিয়ে তার ভাবনা থেমে নেই। বিশ্ব ফুটবলের উদীয়মান ১০ জন নতুন তারকাকে বেছে নিয়েছেন এই আর্জেন্টাইন মহাতারকা।
মেসির তালিকায় জায়গা করে নিয়েছেন আর্জেন্টিনার তরুণ ফুটবলার টমাস আরান্দা। বর্তমানে তিনি বোকা জুনিয়র্সের হয়ে খেলেন। ২০২৬ বিশ্বকাপের আগে জাতীয় দলের অনুশীলনে আরান্দাকে খুব কাছ থেকে দেখেছিলেন মেসি।
মেসির এমন স্বীকৃতিতে আনন্দিত টমাস আরান্দা। সামাজিক যোগাযোগমাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি লিখেন, ‘স্বপ্ন পূরণ হওয়ার জন্যই দেখা হয়’ এবং ‘চিরকাল কৃতজ্ঞ’।
বিখ্যাত ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘অ্যাডিডাস’ এর এক বিজ্ঞাপনী প্রচারণায় মেসি এই ১০ জন ভবিষ্যৎ তারকার নাম ঘোষণা করেন। প্রচারণার মূল বার্তা ছিল- ‘১০টি অধ্যায়, যা খেলার ভবিষ্যৎকে নতুনভাবে লিখবে। এই গল্পের কেবল শুরু হয়েছে মাত্র।’
মেসির এই তালিকায় শুধু পুরুষ নয়, স্থান পেয়েছেন নারী ফুটবলের উদীয়মান তারকারাও-যেমন চেলসির ক্লোই সারউই, ওএল লিওনেসের জোভান্না ওয়াক্সম্যান এবং হামবুর্গার এসভির লোটা ভ্রেডে।
মেসির তালিকায় উদীয়মান তারকাদের মধ্যে রয়েছেন
১. টমাস আরান্দা (আর্জেন্টিনা / বোকা জুনিয়র্স)
২. কান উজুন (তুরস্ক / এইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট)
৩. হিলবের্তো মোরা (মেক্সিকো / তিহুয়ানা)
৪. ম্যাক্স ডাউনম্যান (ইংল্যান্ড / আর্সেনাল)
৫. জেভিয়ার গোজো (যুক্তরাষ্ট্র / ক্রিস্টাল প্যালেস)
৬. জেসুস রদ্রিগেস (স্পেন / কোমো ১৯০৭)
৭. কেস স্মিত (নেদারল্যান্ডস / এজেড আলকমার)
৮. ক্লোই সারউই (ইংল্যান্ড / চেলসি)
৯. জোভান্না ওয়াক্সম্যান (ব্রাজিল / ওএল লিওনেস)
১০. লোটা ভ্রেডে (জার্মানি / হামবুর্গার এসভি)
পাপ্পু/
আরও পড়ুন
চার মাসেই আবার বিচ্ছেদ, ভিনিসিয়ুস-ভার্জিনিয়ার প্রেমে ফের ভাঙন
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ১১:৩৬ এএম
ছবি: সংগৃহীত
-->বেশি দিন টিকল না পুনর্মিলনের সম্পর্ক। চার মাস আগে পুরোনো প্রেমে ফিরেছিলেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র ও ব্রাজিলের জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ভার্জিনিয়া ফনসেকা। এবার সেই সম্পর্কেও ইতি টানলেন দুজন। ব্রাজিলের সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে উঠে এসেছে তাদের বিচ্ছেদের খবর।
তবে বিচ্ছেদের পেছনে কোনো ঝগড়া কিংবা দ্বন্দ্ব নেই বলে জানিয়েছে ভার্জিনিয়ার মুখপাত্ররা। স্থানীয় সংবাদমাধ্যমকে তারা বলেছেন, ‘কোনো ঝগড়া বা বিরোধ হয়নি।’ দুজন কেবল সম্পর্কটি আর এগিয়ে না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
এ বিষয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস কিংবা ভার্জিনিয়া। বর্তমানে সন্তানদের নিয়ে মায়ামি ভ্রমণে রয়েছেন এই ইনফ্লুয়েন্সার।
তবে বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসার আগের দিন, শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অনুপ্রেরণামূলক বার্তা দিয়েছিলেন ভার্জিনিয়া। সেখানে তিনি নিজের ক্ষতি করছে- এমন বিষয় থেকে দূরে সরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। পাশাপাশি নেতিবাচক শক্তি এবং সম্পর্কের মধ্যে পারস্পরিক প্রতিদানের অভাব থেকেও দূরে থাকার কথা লেখেন তিনি। তার এই পোস্ট ঘিরে তৈরি হয়েছে নানা আলোচনা।
গত বছর শুরু হয়েছিল ভিনিসিয়ুস ও ভার্জিনিয়ার সম্পর্ক। গত মে মাসে প্রথমবার বিচ্ছেদ ঘটে তাদের। যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ শুরুর ঠিক আগে আলাদা হয়ে যান দুজন। বিশ্বকাপের পর অবশ্য আবার একসঙ্গে দেখা যায় তাদের। ভূমধ্যসাগরে একটি প্রমোদতরিতে একসঙ্গে ছুটি কাটানোর ছবি সামনে আসার পর স্পষ্ট হয়, পুরোনো সম্পর্কে ফিরেছেন তারা।
এরপর সম্পর্ক আরও এক ধাপ এগিয়ে নিয়েছিলেন দুজন। এক মাসের কিছু বেশি সময় আগে একে অপরকে বাগদানের আংটিও পরিয়েছিলেন ভিনিসিয়ুস ও ভার্জিনিয়া। কিন্তু সেই ঘনিষ্ঠতা ও বাগদানের পরও সম্পর্ক টিকল না। পুনর্মিলনের মাত্র চার মাসের মাথায় আবার আলাদা হয়ে গেলেন দুজন। এবার তদের পথচলা শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামে, সেটিই দেখার অপেক্ষা।
অনিক/
আরও পড়ুন
শিরোপা জয়ে ইতিহাস গড়লেন চীনের ঝেং
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ১১:০৫ এএম
ছবি: সংগৃহীত
-->বেইজিংয়ে ঘরের দর্শকদের সামনে স্বপ্নের এক প্রত্যাবর্তনের গল্প লিখলেন ঝেং কিনওয়েন। কনুইয়ের অস্ত্রোপচার, চোট আর ছন্দহীনতায় কেটেছে কঠিন এক বছর। সেই দুঃসময় পেছনে ফেলে চায়না ওপেনের শিরোপা জিতে ইতিহাস গড়লেন চীনের এই টেনিস তারকা। প্রথম চীনা নারী হিসেবে টুর্নামেন্টটির শিরোপা জয়ের পর আনন্দে মেতে উঠলেন কারাওকে গেয়েও!
বিশ্ব র্যাঙ্কিংয়ে ৫৪ নম্বরে থাকা ঝেং ওয়াইল্ড কার্ড নিয়ে খেলতে নেমেছিলেন টুর্নামেন্টে। রবিবার (১১ অক্টোবর) রাতে ফাইনালে চতুর্থ বাছাই রাশিয়ার মিরা আন্দ্রেভাকে সরাসরি সেটে ৭-৫, ৬-৪ গেমে হারিয়ে শিরোপা জেতেন ২৪ বছর বয়সী এই খেলোয়াড়।
প্রথম সেটে তিনটি সেট পয়েন্ট বাঁচিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেন ঝেং। ম্যাচ পয়েন্ট জয়ের পর আনন্দে কোর্টে লুটিয়ে পড়েন তিনি। এরপর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য শেষ করে মাতিয়ে তোলেন উচ্ছ্বসিত স্বদেশি দর্শকদের। টেনিস কোর্টের উত্তেজনা পেরিয়ে এবার তার উদযাপনে যোগ হয় কারাওকে গান।
ঝেং বলেন, ‘অনুভূতিটা অবিশ্বাস্য। বেইজিংয়ে নিজের দর্শকদের সামনে শিরোপা জেতা আমার স্বপ্নগুলোর একটি ছিল।’ এরপর কঠিন সময়ের কথা তুলে ধরে তিনি বলেন, ‘আমার জন্য বছরটা খুব, খুব কঠিন ছিল।’
গত বছর কনুইয়ে অস্ত্রোপচার করিয়েছিলেন ঝেং। চোটের কারণে গত ১২ মাসে ফর্ম ও ফিটনেস নিয়ে ভুগতে হয়েছে তাকে। এর মধ্যে গত দুই বছর কোনো শিরোপাও জেতা হয়নি। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে এবার প্রথমবারের মতো ডব্লিউটিএ ১০০০ পর্যায়ের টুর্নামেন্টের শিরোপা জিতলেন তিনি। সব মিলিয়ে এটি তার ক্যারিয়ারের ষষ্ঠ শিরোপা।
শীর্ষ দশে থাকা খেলোয়াড়দের বিপক্ষে এটি ঝেংয়ের ১৪তম জয়। চলতি মৌসুমে এমন প্রতিপক্ষের বিপক্ষে এটি তার তৃতীয় জয়। চায়না ওপেনের ফাইনালে হারলেও বিশ্ব র্যাঙ্কিংয়ে উন্নতি হতে যাচ্ছে আন্দ্রেভার। সোমবার র্যাঙ্কিং হালনাগাদ হলে তার তিন নম্বরে উঠে আসার কথা। অন্যদিকে, শিরোপা জয়ের সুবাদে ৩১ ধাপ এগিয়ে বিশ্ব র্যাঙ্কিংয়ের ২৩ নম্বরে উঠে আসবেন ঝেং।
অনিক/
