তরুণ সমাজকে মাদকাসক্তি থেকে দূরে রাখতে শুধু চিকিৎসা ও পুনর্বাসন নয়, বরং কর্মসংস্থান সৃষ্টি ও দক্ষতা বৃদ্ধির ওপর জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি।
রোববার (২৫ অক্টোবর) রাজধানীর ধানমন্ডিতে ঢাকা আহ্ছানিয়া মিশন মিলনায়তনে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। সেমিনারের প্রতিপাদ্য ছিল, ‘জীবনের অভিজ্ঞতা শুনি: সত্যিকারের কথা, সত্যিকারের পরিবর্তন’।
চিফ হুইপ বলেন, দারিদ্র্য, বেকারত্ব, পারিবারিক টানাপোড়েন ও সামাজিক অবমূল্যায়ন মানুষের মানসিক স্বাস্থ্যে গভীর নেতিবাচক প্রভাব ফেলে। তাই মানসিক স্বাস্থ্য সুরক্ষায় চিকিৎসাসেবার পাশাপাশি সুশিক্ষা, নৈতিক মূল্যবোধ, কর্মসংস্থান ও সামাজিক সহমর্মিতা বাড়ানো জরুরি।
তিনি বলেন, তরুণদের মাদকাসক্তি থেকে দূরে রাখতে শুধু চিকিৎসা ও পুনর্বাসনের ওপর নির্ভর করলে চলবে না। তাদের দক্ষতা উন্নয়ন এবং স্বাবলম্বী হওয়ার কার্যকর সুযোগ নিশ্চিত করতে হবে।
তরুণদের উদ্দেশে চিফ হুইপ আরও বলেন, নিজেদের যোগ্য করে গড়ে তুলে উদ্যোক্তা হওয়ার মানসিকতা তৈরি করতে হবে। একই সঙ্গে সমাজে মানবিক মূল্যবোধ ও পারস্পরিক শ্রদ্ধাবোধ জোরদার করার পাশাপাশি সংকটে থাকা মানুষের পাশে দাঁড়ানোর সংস্কৃতি গড়ে তুলতে হবে।
অধ্যাপক ড. গোলাম রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।
এ ছাড়া সেমিনারে বক্তব্য দেন অধ্যাপক ড. আবু তৈয়ব আবু আহমেদ, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রধান ও পরিচালক ডা. সাইফুন্নাহার সুমি, স্বাস্থ্য ও পুষ্টি সেক্টরের পরিচালক ড. ইকবাল মাসুদ এবং ড. নায়লা পারভীন। অনুষ্ঠানে সংশ্লিষ্ট ক্ষেত্রের বিশেষজ্ঞ ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।
