প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানে আয়োজিত এক বিক্ষোভে যোগ দিতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছিলেন বলিউড সুপারস্টার আমির খানের ভাগ্নি জায়েন মারি খান, অভিনেতা ইমরান খান ও লেখা ওয়াশিংটন। ঘণ্টাখানেক আটকে রাখার পর রাতে তাঁদের ছেড়ে দেওয়া হলেও, পুরো ঘটনাটি ঘিরে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে নেটপাড়ায়।
আটক হওয়ার পরদিন রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন জায়ন মারি। সেখানে নিজের হাত, আঙুল ও পায়ের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখান তিনি। পুলিশের পদক্ষেপের সমালোচনা করে অভিনেত্রী বলেন, ‘আমাদের এতটাও ভয় দেখাবেন না, যাতে মন থেকে প্রথমত ভয় শব্দটাই চিরতরে মুছে যায়!’ আর ক্যাপশনে লিখেছেন—‘ইনটারনেটে সত্যিটা প্রকাশ পাচ্ছে।’
এর আগে, শনিবার পুলিশ ভ্যানের ভেতর থেকে একটি ছবি পোস্ট করেছিলেন জায়েন মারি। ছবিটির ক্যাপশনে লিখেছিলেন, ‘ইনকিলাব জিন্দাবাদ’। অন্যদিকে, লেখা ওয়াশিংটন একটি এক ভিডিওতে আক্ষেপ করে জানান, পুলিশ তাঁদের কোনো গাড়ি বা যানবাহনে উঠতে দিচ্ছে না। ফলে হেঁটেই বাড়ি ফিরতে হচ্ছে তাঁদের।
মুম্বাই পুলিশের দাবি, সিজেপির এই বিক্ষোভের জন্য আয়োজকদের তরফ থেকে আগাম কোনো আইনি অনুমতি নেওয়া হয়নি। এ ছাড়া বম্বে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, আজাদ ময়দান ছাড়া অন্য কোথাও এ ধরনের বিক্ষোভের অনুমতি দেওয়া সম্ভব নয়। গত শনিবার আগস্ট ক্রান্তি ময়দান থেকে ইমরান-জায়নদের পাশাপাশি প্রায় ৪০০ জনেরও বেশি মানুষকে আটক করেছিল পুলিশ। যদিও আন্দোলনকারীদের একাংশের দাবি, অনুমতি চেয়ে আগে থেকেই ইমেল করা হলেও পুলিশের পক্ষ থেকে কোনো জবাব দেওয়া হয়নি।
ভোটার তালিকার এসআইআর প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতেই এই আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল, যেখানে বলিউড তারকাদের উপস্থিতিতে জল আরও গড়িয়েছে।
সূত্র: হিন্দুস্তান টাইমস
