আজকাল ওয়েবডেস্ক: বিতর্কে প্রেসিডেন্সি। পোস্টার বিতর্কে এবার মুখ খুললেন রাজ্যের উচ্চশিক্ষা মন্ত্রী। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে স্বামী বিবেকানন্দের ছবিতে কুরুচিকর কথা লেখা নিয়ে কড়া বার্তা দিলেন রাজ্যের উচ্চশিক্ষা ও কারিগরি শিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। স্পষ্ট জানান, রাজ্য সরকার ও উচ্চশিক্ষা দপ্তর এই ঘটনা কোনওভাবেই বরদাস্ত করবে না।
ঘটনার তদন্তে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি কমিটি গঠন করেছে, যা আগামী ১৫ দিনের মধ্যে রিপোর্ট জমা দেবে। এছাড়া সমস্ত সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। এবিভিপি-র অভিযোগের ভিত্তিতে কলকাতা পুলিশও তদন্তে নেমেছে। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ তদন্ত রিপোর্ট খতিয়ে দেখবেন খোদ পুলিশ কমিশনার।
সম্প্রতি সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউটে ভারত মাতার অবমাননা এবং প্রেসিডেন্সির এই ঘটনাকে ' উপদ্রবী' অংশের কাজ আখ্যা দিয়ে মন্ত্রী হুঁশিয়ারি দেন, দোষীদের কাউকেই রেয়াত করা হবে না। তাঁর দাবি, 'এরা কেও পড়ুয়া নন।' তাঁর কথায়, প্রয়োজনে সরকার কঠোরতম পদক্ষেপ গ্রহণ করবে। এদিন জগন্নাথ বলেন, 'এই ঘটনা উচ্চশিক্ষা দপ্তরের নজরে এসেছে। স্বামী বিবনেকানন্দের ছবির উপর কেউ ধর্ষক লিখে দিয়ে যাবে, এই ঘটনা উচ্চ শিক্ষা দপ্তর বা সরকার মেনে নেয়নি। উচ্চশিক্ষা দপ্তরের তরফ থেকে নিয়মিতভাবে প্রেসিডেন্সি বিশ্ববিদুয়ালয়ের সঙ্গে যোগাযোগে আছি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতিমধ্যে একটি তদন্ত কমিটি তৈরি করেছে, সেই কমিটি দোষীদের চিহ্নিত করে দপ্তরকে রিপোর্ট দেবে। সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করতে বলা হয়েছে। অখিল ভারতী বিদ্যার্থী পরিষোদ আলাদা করে অভিযোগ করেছে। কলকাতা পুলিশও বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করছে। বিশ্ববিদ্যালয়ের রিপোর্টও পুলিশ খতিয়ে দেখবেন।' কঠোরতম শাস্তি এবং এই ঘটনায় কাউকে রেয়াত না করার কড়া বার্তা মন্ত্রীর মুখে।
