অপরিচিত নাম্বার থেকে ফোন আসলে রিসিভ বিপদে পড়তে হয়। অনেকে প্রতারণা শিকার হন। এসব ভোগান্তি দূর করতে এবার কড়া নির্দেশিকা জারি করল ভারত সরকার।
যোগাযোগ মন্ত্রীর পক্ষ থেকে টেলিকম সংস্থাগুলো নির্দেশ দেওয়া হয়েছে, এখন থেকে কলার আইডি বাধ্যতামূলক। অর্থাৎ কোনও ব্যক্তি যদি কল করেন তাহলে তার নাম্বার সেভ করা না থাকলেও রিসিভারের ফোনে নাম দেখানো হবে।
এয়ারটেলের মতো টেলিকম সংস্থাগুলিকে কেন্দ্রের পক্ষ থেকে বলা হয়েছে, এখন থেকে প্রত্যেককেই কলিং নেম প্রেজেন্টেশন (CNP) ব্যবস্থা চালু করতে হবে। এই CNP-এর মাধ্যমে কলারের নাম এবং পরিচয় জানা যাবে।
ভারতের নিজস্ব ব্যবস্থা এই CNP। এই ব্যবস্থার মাধ্যমে প্রত্যেক কলারের পরিচয় নথিবদ্ধ থাকবে টেলিকম সার্ভিস প্রোভাইডারদের কাছে। এবং কলাররা যখন ফোন করবেন, তাদের ফোন নাম্বারের পাশাপাশি নামও দেখা যাবে রিসিভারের মোবাইল স্ক্রিনে। আপাতত ৪জি এবং ৫জি নেটওয়ার্ক ব্যবহারকারীদের ফোনে দেখা যাবে কলারের নাম।
১ নভেম্বর থেকে আপাতত এই দুই ধরনের নেটওয়ার্কে চালু হবে কলিং নেম প্রেজেন্টেশন। কেন্দ্রের নির্দেশ অনুযায়ী, এবার থেকে ফোনে কল এলে দেখা যাবে তিনটি জিনিস। কলারের নাম, ফোন নম্বরের পাশাপাশি দেখা যাবে সংশ্লিষ্ট ফোনে সেভ থাকা নামটিও। যদি কোনও একটি নম্বর সেভ করা না থাকে তাহলে সার্ভিস প্রোভাইডারের কাছে যে নাম রয়েছে সেটাই দেখানো হবে রিসিভারকে। আগামী দিনে ২জি বা ৩জি ব্যবহারকারীদের জন্যও এই সুবিধা আনতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে সার্ভিস প্রোভাইডারগুলিকে।
ইতিমধ্যেই বেশ কিছু সার্ভিস প্রোভাইডার নির্দিষ্ট কিছু ফোনে এই পরিষেবা দেওয়া শুরু করেছে। এতদিন পর্যন্ত এই বিষয়টি বাধ্যতামূলক ছিল না। তবে এবার থেকে কেন্দ্রের নির্দেশ মানতে বাধ্য থাকবে টেলিকম সংস্থাগুলি।