পরপর দু’টো অ্যাওয়ে ম্যাচের পর দিন দশেকের বিরতি। তাই পুজোর মধ্যে দলকে ছুটি দিয়েছিলেন কোচ পানাজিওটিস দিলেমপেরিস। সেই ছুটি কাটিয়ে বুধবার থেকে অনুশীলনে ফিরল মোহনবাগান।
এদিন আপুইয়া ছাড়া বাকি সকলেই উপস্থিত ছিলেন প্র্যাকটিসে। ঘণ্টাখানেক চলে অনুশীলন। এদিন পুরোদমে ট্রেনিং করাননি কোচ দিলেমপেরিস। মূলত ফিটনেস ড্রিলের পর কিছুক্ষণ পাসিং ও শুটিং করেন ফুটবলাররা। পরের ম্যাচে ২৬ অক্টোবর ঘরের মাঠে মোহনবাগান খেলবে চেন্নাইয়িন এফসি-র বিরুদ্ধে।
অন্যদিকে, তিনদিনের ব্যবধানে পরপর দু’টো ম্যাচ খেলতে হবে ইস্টবেঙ্গলকে। ২৩ অক্টোবর আইএসএলে তারা মুখোমুখি হবে ইন্টার কাশীর। তার পর ২৭ অক্টোবর ওমানের আল-সিবের বিরুদ্ধে খেলবে এসিএল ২-এর অ্যাওয়ে ম্যাচ। আইএসএলের ম্যাচ খেলেই সরাসরি মাস্কাট যাবে দল। ফলে ইন্টার কাশীর বিরুদ্ধে প্রথম একাদশে বদলের ভাবনা রয়েছে লাল-হলুদ কোচ আন্তোনিও লোপেজ হাবাসের। তাঁর কথায়, “বেশি না হলেও, দলে কিছু পরিবর্তন করা হবে। আমাদের হাতে প্রচুর বিকল্প আছে। তারাও সুযোগ কাজে লাগানোর জন্য তৈরি।” সঙ্গে বলেন, “চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে অজুহাতের জায়গা নেই। যে কোনও পরিস্থিতির জন্য নিজেদের তৈরি রাখতে হয়।”
এসিএল ২-তে দু’ম্যাচে এক পয়েন্ট পেয়েছে ইস্টবেঙ্গল। দু’টো ম্যাচেই অবশ্য জেতার মতো পরিস্থিতি থেকে পয়েন্ট নষ্ট করেছেন মহম্মদ রশিদরা। সেখানে আল-সিব এখনও পয়েন্ট পায়নি। আইএসএলে প্রথম ম্যাচে চার্চিল ব্রাদার্সকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছেন হাবাসের ছাত্ররা। আল-সিব ম্যাচের কথা ভেবে নিজের পুরনো দলের বিরুদ্ধে একাধিক তারকাকে বিশ্রাম দেওয়ার পথে কোচ হাবাস।
