আগ্রাবাদ সরকারি কমার্স কলেজের পাশে অবস্থিত একটি পরিত্যক্ত শিক্ষা ভবনের দ্বিতীয় তলায় তল্লাশি চালানো হয়।
চট্টগ্রাম নগরীর ডবলমুরিং মডেল থানার অস্ত্রাগার থেকে ২০২৪ সালের ৫ আগস্ট লুট হওয়া একটি পিস্তল ও গুলি উদ্ধার করেছে পুলিশ। নগরীর আগ্রাবাদ এলাকায় একটি পরিত্যক্ত শিক্ষা ভবনের দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে কালো রঙের শপিং ব্যাগের ভেতর থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
রোববার বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে ডবলমুরিং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ ফয়সলের নেতৃত্বে একটি দল অভিযান চালায়। আগ্রাবাদ সরকারি কমার্স কলেজের পাশে অবস্থিত একটি পরিত্যক্ত শিক্ষা ভবনের দ্বিতীয় তলায় তল্লাশি চালানো হয়। এ সময় একটি কালো রঙের শপিং ব্যাগের ভেতর থেকে লুট হওয়া অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে ম্যাগাজিনসহ একটি ‘টরাস’ পিস্তল, দুটি খালি ম্যাগাজিন এবং আট রাউন্ড তাজা গুলি। পুলিশ জানিয়েছে, এসব অস্ত্র ও গুলি ২০২৪ সালের ৫ আগস্ট ডবলমুরিং মডেল থানার অস্ত্রাগার থেকে লুট হয়েছিল।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন স্থানে থানা ও পুলিশের স্থাপনায় হামলা, ভাঙচুর এবং অস্ত্র-গোলাবারুদ লুটের ঘটনা ঘটে। ওই সময় ডবলমুরিং থানার অস্ত্রাগার থেকেও এসব অস্ত্র ও গুলি লুট হয়েছিল বলে পুলিশের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
দীর্ঘ সময় পর পরিত্যক্ত একটি ভবন থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারের ঘটনায় এর সংরক্ষণ ও সেখানে পৌঁছানোর পেছনে কারা জড়িত, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়নি।
উদ্ধার হওয়া অস্ত্র ও গুলির বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন সিএমপির সহকারী কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ।#
