

কলাপাড়ায় মা ইলিশ রক্ষার অভিযানে ১ হাজার মিটার জাল ও ১ টি ট্রলারসহ দুই জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ। সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত পায়রা বন্দর নৌ-পুলিশের সহায়তায রাবনাবাদ নদীতে অভিযান চালিয়ে এসব জাল, ট্রলার ও জেলেদের আটক করা হয়। পরে মো. রিফাত (১৯) নামের এক জেলেকে ১ হাজার টাকা জরিমানা এবং জব্দকৃত জাল জনস্মুখ্যে পুড়িয়ে ধ্বংস করে ভ্রাম্যমান আদালত। এসময় নিষেধাজ্ঞাকালীন সময়ে আর মাছ শিকার করবেনা মর্মে মুচলেখা দিলে অপর অপ্রাপ্ত বয়স্ক অপর জেলে ও ট্রলারটি ছেড়ে দেয়া হয়৷
নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক বলেন, নিষেধাজ্ঞা সফল করতে অসাধু জেলেদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, মা ইলিশের বাধাহীন প্রজননের জন্য ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সাগর ও নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার।
ঘিওরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
“ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি” এই প্রতিপাদ্য বিষয়কে ধারন করে ঘিওর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে ঘিওর উপজেলা পরিষদ মিলনায়তনে সামনে র্যালি, আলোচনা সভা এবং অগ্নি নিবারনসহ বিভিন্ন ধরনের মহড়া প্রদর্শণ করা হয়েছে। ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাশিতা-তুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা তহমিনা আক্তার, প্রকৌশলী মোহাম্মদ আলী, ঘিওর থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীর, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুবোধ মন্ডল, সমাজ সেবা কর্মকর্তা শাহীন আলম, ঘিওর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ জানে আলম, সাংগঠনিক সম্পাদক মামুন ভ’ইয়া, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের (ভারপ্রাপ্ত) স্টেশন কর্মকর্তা শাহীন আলম প্রমুখ। শেষে ঘিওর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা অগ্নি নিবারনসহ বিভিন্ন ধরনের মহরা প্রদর্শন করেন। এই অনুষ্ঠানে স্কুল, কলেজের শিক্ষার্থী, প্রশাসনিক কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

লক্ষ্মীপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
‘দুর্যোগ থেকে রক্ষা করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের পুলিশ সুপার মো. আবু তারেক। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুমিত সীমা। আলোচনা সভায় দুর্যোগের ঝুঁকি হ্রাস, দুর্যোগকালীন প্রস্তুতি, উদ্ধার কার্যক্রম এবং দুর্যোগ-পরবর্তী ক্ষয়ক্ষতি মোকাবিলায় সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে জনসচেতনতা বৃদ্ধি, আগাম সতর্কবার্তা প্রচার এবং সাধারণ মানুষকে দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত রাখার বিষয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, দুর্যোগ মোকাবিলায় শুধু সরকারি উদ্যোগ নয়, জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবক, বিভিন্ন সামাজিক সংগঠন ও সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বাড়ানো গেলে দুর্যোগে প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। সভায় জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মহাদেবপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মহাদেবপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলা পরিষদ চত্বরে র্যালি, দুর্যোগবিষয়ক মহড়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকাল( ১১) টায় মহাদেবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মানজুরা মুশাররফ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা হোসাইন মোহাম্মদ এরশাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) গোলাম রাব্বানী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. গোলাম রব্বানী, মৎস্য কর্মকর্তা শিল্পী রায় ও মহাদেবপুর ফায়ার স্টেশনের প্রধান আবুল কাশেমসহ ফায়ার সার্ভিসের সদস্যরা। এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ প্রায় দুই শতাধিক মানুষ কর্মসূচিতে অংশ নেন। দিবসের কর্মসূচিতে দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি, দুর্যোগের ঝুঁকি হ্রাস এবং জরুরি পরিস্থিতিতে করণীয় সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি দুর্যোগকালীন প্রস্তুতি, উদ্ধার কার্যক্রম পরিচালনা এবং জানমালের ক্ষয়ক্ষতি কমাতে সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। আলোচনা সভায় আয়োজকরা বলেন, দুর্যোগ মোকাবিলায় পরিবার থেকেই সচেতনতা ও প্রস্তুতি গড়ে তুলতে হবে। প্রাকৃতিক ও অন্যান্য দুর্যোগের ঝুঁকি সম্পর্কে আগাম ধারণা, প্রয়োজনীয় প্রস্তুতি এবং জরুরি পরিস্থিতিতে করণীয় জানা থাকলে প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব। এ ধরনের কর্মসূচি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর পাশাপাশি দুর্যোগ সহনশীল সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উপজেলা প্রশাসন, মহাদেবপুরের আয়োজনে কর্মসূচিটি বাস্তবায়নে সহযোগিতা করে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও DASCO-এর থ্রাইভ প্রকল্প।

মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ
মাদারীপুর এনসিপির সমাবেশকে সামনে রেখে শহরের শকুনি লেকের পাড়ে জেলা ও দায়রা জজের বাসভবনের সামনে আজ মঙ্গলবার সকালে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এদিকে, একই এলাকায় বিচারকের বাসভবনের সামনে অবস্থিত মুক্তমঞ্চে আজ বিকেল ৪টায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সমাবেশে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সংগঠক সারজিস আলম, হাসনাত আবদুল্লাহসহ শীর্ষ নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে। সমাবেশের কয়েক ঘণ্টা আগে বিচারকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে। তবে এ ঘটনার সঙ্গে এনসিপির সমাবেশের কোনো যোগসূত্র রয়েছে কি না সেটা খতিয়ে দেখতে পুলিশ। মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, দলের অভ্যন্তরে কমিটি গঠন নিয়ে বিরোধের কারণে এ ঘটনা ঘটতে পারে। আবার সমাবেশকে কেন্দ্র করে ভয়ভীতি প্রদর্শনের উদ্দেশ্যেও এমন ঘটনা ঘটে থাকতে পারে। তবে ঘটনার প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।

রাজাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যে ঝালকাঠির রাজাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে বর্ণাঢ্য র্যালি, অগ্নিনির্বাপণ ও উদ্ধার মহড়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে রাজাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে দুর্যোগ মোকাবিলাবিষয়ক মহড়া প্রদর্শন করা হয়। পরে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবুল বশার, রাজাপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ আবুল কালাম আজাদ, আবদুর রহিম বক্তব্য রাখেন। সভায় দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে জনসচেতনতা বৃদ্ধি, আগাম প্রস্তুতি গ্রহণ এবং দুর্যোগকালীন সময়ে করণীয় সম্পর্কে আলোচনা করা হয়।


