কুষ্টিয়ার কুমারখালীতে সাহেব আলী হত্যা মামলায় ১২ জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো এক বছর করে সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
বিজ্ঞাপন
এ ছাড়া অন্য দুই আসামিকে দুই বছর করে সশ্রম কারাদণ্ডসহ ৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলা থেকে ৭ জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক নাদিরা সুলতানা আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর আসামিদের কড়া নিরাপত্তায় জেলা কারাগারে পাঠানো হয়।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার চাপড়া গ্রামের মোজাম্মেল হোসেন (৭৩), আইন উদ্দিন (৬৮) ও আক্তার হোসেন (৪৩), সাবু (৪১), সোহাগ (৩৮), শরিফুল ইসলাম (৪৩), বিপুল (৩৪), বদর উদ্দিন (৬৮), আফসার সেখ (৬৫), সুমিন (৩৮), সেলিম (৪১) এবং আবু (৩৭)। এ ছাড়া জুলু (৩৮) ও রাহুল (৩৪) এ দুজনকে দুই বছর করে সশ্রম কারাদণ্ডসহ ৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত।
আদালত সূত্রে জানা যায়, আসামিপক্ষের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রতিপক্ষের সামাজিক আধিপত্য ও জমিজমা সংক্রান্ত বিষয়ে দ্বন্দ্ব চলছিল। পূর্বের একটি হত্যাকাণ্ডের জেরে আসামিপক্ষ ২০১৩ সালের ২৫ ফেব্রুয়ারি রাত সাড়ে সাতটার দিকে প্রতিপক্ষ সাহেব আলীকে হত্যা করে। এ ঘটনায় তার ছোট ভাই আহম্মদ আলী ওরফে আকম আলী বাদী হয়ে কুমারখালী থানায় ২৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১০-১৫ জনের নামে হত্যা মামলা দায়ের করেন।
রাষ্ট্রপক্ষের আইজীবী মনির হোসেন জানান, চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দিয়েছেন।
এমই
