ছবির ক্যাপশন: বা দিকে: শামীমা পারভীন (ঢাকা জেলার নবনিযুক্ত পুলিশ সুপার), ডান দিকে: আশুলিয়া থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম
সাব্বির আহম্মেদ, বিশেষ প্রতিবেদক: সাভারের শিল্পাঞ্চল আশুলিয়ায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) যোগদানের পর প্রথমদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতিতে কিছুটা অবনতি দেখা গেলেও সাম্প্রতিক সময়ে দৃশ্যমান উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের দিকনির্দেশনা এবং থানা পুলিশের সক্রিয় তৎপরতায় পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে।
ঢাকা জেলার নবনিযুক্ত পুলিশ সুপার শামীমা পারভীনের পেশাদার নেতৃত্ব ইতোমধ্যে প্রশংসা কুড়িয়েছে। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছেন। বিশেষ করে শিল্পাঞ্চল আশুলিয়ার মতো স্পর্শকাতর এলাকায় নজরদারি বৃদ্ধি, অপরাধ দমন এবং পুলিশি কার্যক্রম জোরদারের ফলে ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে।
এদিকে, আশুলিয়া থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তরিকুল ইসলাম। তাঁর যোগদানকে কেন্দ্র করে স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং সাধারণ মানুষের পক্ষ থেকে জানানো হয়েছে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা।
দায়িত্ব গ্রহণের পর প্রতিক্রিয়ায় ওসি তরিকুল ইসলাম বলেন, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং অপরাধ দমনে তিনি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবেন। শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা এবং থানাকে সাধারণ মানুষের আস্থার জায়গায় পরিণত করাই তাঁর প্রধান লক্ষ্য।
স্থানীয়দের মতে, আশুলিয়া একটি গুরুত্বপূর্ণ শিল্প এলাকা হওয়ায় এখানে আইনশৃঙ্খলা রক্ষা একটি বড় চ্যালেঞ্জ। তারা আশা প্রকাশ করেছেন, মাদক ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে পুলিশি সহযোগিতা বাড়বে এবং সাধারণ মানুষ হয়রানি ছাড়াই থানায় আইনি সেবা পাবে।
সামাজিক যোগাযোগমাধ্যম ও সরাসরি সাক্ষাতে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ নবাগত ওসিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। “পুলিশই জনতা, জনতাই পুলিশ” - এই স্লোগানকে সামনে রেখে আশুলিয়াকে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
ওসি তরিকুল ইসলাম বলেন, জনগণের সহযোগিতা ছাড়া অপরাধ নির্মূল করা সম্ভব নয়। তিনি সবাইকে আইনশৃঙ্খলা রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান।
সচেতন মহল মনে করছে, পুলিশ সুপার শামীমা পারভীনের সার্বিক তত্ত্বাবধান এবং ওসি তরিকুল ইসলামের কার্যকর নেতৃত্বে আশুলিয়া থানার আইনশৃঙ্খলা পরিস্থিতিতে ইতিবাচক ও টেকসই পরিবর্তন আসবে।
