রাজধানীর যাত্রাবাড়ীতে স্ত্রী শিরিন বেগমকে হত্যার ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন স্বামী দুলাল হাওলাদার।
পুলিশের ভাষ্য অনুযায়ী, পরকীয়ার সন্দেহে দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে হত্যার পর বটি দিয়ে মরদেহ চার টুকরো করার কথা জবানবন্দিতে স্বীকার করেছেন তিনি। তবে নিহতের ছেলের দাবি, বিদেশে উপার্জন করা টাকা না পাওয়ার কারণেই তার বাবার হাতে প্রাণ হারিয়েছেন মা।
মঙ্গলবার (১৩ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলামের আদালতে দুলালকে হাজির করা হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হন। আদালত তার জবানবন্দি রেকর্ড করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে সোমবার তার বিরুদ্ধে হত্যা মামলা করেন ছেলে সিরাজ হাওলাদার।
বিজ্ঞাপন
মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আতিকুল ইসলাম জানান, শিরিন জর্ডানে থাকতেন। প্রায় দুই মাস আগে দেশে ফেরার পর স্ত্রী অন্য সম্পর্কে জড়িয়েছেন বলে সন্দেহ করেন দুলাল। এ নিয়ে কয়েক দিন ধরে তাদের মধ্যে বিরোধ চলছিল।
তদন্ত কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, ঘটনার রাতে ঝগড়ার একপর্যায়ে দুলাল শিরিনের চুল ধরে মেঝেতে আঘাত করেন। এতে তিনি অচেতন হয়ে পড়েন। পরে বটি দিয়ে মরদেহ চার টুকরো করেন বলে জবানবন্দিতে জানিয়েছেন দুলাল।
বিজ্ঞাপন
তবে বাবার বিরুদ্ধে আনা পরকীয়ার সন্দেহের অভিযোগ নাকচ করেছেন ছেলে সিরাজ। তার দাবি, বিদেশে উপার্জন করা টাকা না পেয়ে তার বাবা মাকে হত্যা করেছেন। ছোটবেলা থেকেই বাবা পরিবারের সদস্যদের মারধর করতেন বলেও অভিযোগ করেন তিনি। সিরাজ জানান, তার মা জর্ডানে থেকে দুই ভাই-বোনের পড়াশোনা ও সংসারের ব্যয় বহন করতেন।
সিরাজ বলেন, পরিবারের সবাই এ হত্যাকাণ্ডের বিচার চান। তার বোনও বাবার বিরুদ্ধে সাক্ষ্য দেবেন বলে জানান তিনি। এ ঘটনায় বাবার সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন সিরাজ।
পুলিশ জানায়, চলতি মাসে দক্ষিণ যাত্রাবাড়ীর মীর হাজিরবাগ এলাকার একটি বাসায় ভাড়া ওঠেন দুলাল ও শিরিন। রোববার রাতে হত্যাকাণ্ডের পর সোমবার ভোরে বাড়ির মালিকের ফোন পেয়ে পুলিশ সেখানে যায়। পরে বাসার রান্নাঘরের মেঝে থেকে শিরিনের খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের মাথা ও কোমরের নিচ থেকে দুই পা বিচ্ছিন্ন অবস্থায় ছিল।
বিজ্ঞাপন
শিরিনকে হত্যার আগে কোনো কিছু খাওয়ানো হয়েছিল কি না, তা জানতে ভিসেরা পরীক্ষার জন্য নমুনা পাঠিয়েছে পুলিশ। পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর মামলার অভিযোগপত্র দেওয়ার প্রস্তুতি নেওয়া হবে বলে জানিয়েছে তদন্তসংশ্লিষ্ট সূত্র।
এমডিএএ/জেএইচ
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
