আওয়ামী লীগকে দুর্নীতিবাজ ও সন্ত্রাসী দল আখ্যা দিয়ে দলটিকে আর কখনো বাংলাদেশের মানুষ রাজনীতি করতে দেবে না বলে মন্তব্য করেছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহম্মদ।
বুধবার (২১ অক্টোবর) বিকেল ৩টায় ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদ হলরুমে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এশিয়া প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।
তিনি বলেন, ২০০১ সালে শেখ হাসিনা তার সঙ্গে তোফায়েল আহমেদকে প্রতিদ্বন্দ্বী করেছিলেন। তোফায়েল আহমেদ পরাজিত হওয়ার পর শেখ হাসিনা বুঝতে পারেন, সন্ত্রাসী ছাড়া তার সঙ্গে নির্বাচনে জয়লাভ করা সম্ভব নয়। পরে ঢাকা থেকে একজন সন্ত্রাসীকে এনে তার সঙ্গে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করানো হয়।
মেজর হাফিজ উদ্দিন আহম্মদ বলেন, ওই ব্যক্তি দুর্নীতির মাধ্যমে লালমোহনে ৫০০ বিঘা জমি ও ঢাকায় একাধিক বাড়ির মালিক হয়েছেন বলে অভিযোগ রয়েছে। ৫ আগস্টের পর এসব সম্পদ রেখে তিনি সপরিবারে পালিয়ে যান। আওয়ামী লীগ রাষ্ট্রক্ষমতায় এসেছিল দেশের সম্পদ লুটপাট করতে। দলটির সংসদ সদস্য ও মন্ত্রীরা লুটপাট করে বিদেশে বিপুল সম্পদ গড়েছেন। ফ্যাসিস্ট সরকারের একজন প্রতিমন্ত্রীর বিদেশে ২০০টির বেশি বাড়ি রয়েছে বলেও দাবি করেন তিনি।
তজুমদ্দিনের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, তজুমদ্দিনকে পৌরসভায় রূপান্তর করা হবে। পাশাপাশি স্থানীয় মানুষের বিনোদনের জন্য মেঘনার পাড়ে একটি পার্ক নির্মাণ করা হবে।
সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে মেজর হাফিজ পুলিশ প্রশাসনকে চরমোজাম্মেল সালাউদ্দিন ডাকাত নামে পরিচিত এক ব্যক্তিকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার নির্দেশ দেন। একই সঙ্গে মাদকের বিরুদ্ধে যথাযথ আইন প্রয়োগে প্রশাসনকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।
তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ গোলাম মোস্তফা মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহম্মদ বীর বিক্রম। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ ওমর আসাদ রিন্টু।
অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা পর্যায়ের নেতারাও মেজর হাফিজকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তার এ অর্জনকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা যায়। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে মেজর হাফিজ তজুমদ্দিন উপজেলায় কর্মরত সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
