শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে রিসোর্টটিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসীম জানান, বেলা ১১টার দিকে আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়।
নিহত ছয়জন হলেন ঢাকার বনশ্রীর ইসরাত জাহান মালিহা (৩০) ও মিলিতা মেহেজাবিন আলভী (২৩), খিলগাঁওয়ের লায়লা জাহান নাবিলা (২৭) ও নাফিসতা মীম (২৭) এবং চুয়াডাঙ্গার ফারিহা কবির (৩৩) ও ফায়িজান আহম্মেদ (৫)।
এ ঘটনায় আহত ব্যক্তিরা হলেন মুগধা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক শিহাব উদ্দীন (৩১), তাঁর স্ত্রী নাফিজা নেওয়াজ খান (২৯), মান্নান (৩৪), মেহেরুন্নেসা (৩০), মাসুদ (৩০) ও সামিদা (৩২)।
কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা সবুক্তগীন মাহমুদ সোহেল জানান, আহতদের মধ্যে পাঁচজনের শরীরের প্রায় ৫ শতাংশ পুড়ে গেছে। তাঁদের হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। অন্য একজন পড়ে গিয়ে আহত হন। তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
রান্নাঘর থেকে আগুনের সূত্রপাতের ধারণা স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, শনিবার সকাল ৭টার দিকে রিসোর্টের রান্নাঘর থেকে বিকট শব্দ শোনা যায়। এর পরপরই আগুনের সূত্রপাত হয় এবং দ্রুত পুরো রিসোর্টে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা বাড়তে থাকায় ভেতরে অবস্থানরত পর্যটকেরা বিপাকে পড়েন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কাঠের তৈরি রিসোর্টটিতে মোট নয়টি কক্ষ ছিল। শুক্রবার (১৬ অক্টোবর) রাতে তিনটি কক্ষ থেকে পর্যটকেরা চেকআউট করে চলে যান। বাকি ছয়টি কক্ষে অবস্থান করছিলেন ১৬ জন পর্যটক। তাঁদের মধ্যে কয়েকজন সকালে বিভিন্ন কাজে বাইরে ছিলেন। অগ্নিকাণ্ডের পর হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
তিন ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন লাগার খবর পেয়ে সকাল ৮টার দিকে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। পরে বেলা ১১টার দিকে আগুন পুরোপুরি নেভানো হয়। পাশাপাশি ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রমও চালানো হয়।
ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা দোলন আচার্য জানান, ঘটনাস্থল থেকে প্রথমে পাঁচটি মরদেহ উদ্ধার করা হয়। পরে আরও একজনের মৃত্যু হয়। প্রাথমিকভাবে নিহত সবাই পর্যটক বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। তবে হতাহতের চূড়ান্ত সংখ্যা সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
The post কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ৬ পর্যটকের নাম-পরিচয় প্রকাশ appeared first on ভোরের চেতনা.
