নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী সরকারি তোলারাম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী আয়োজন-২০২৬ উপলক্ষে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (১২ অক্টোবর) বিকেলে কলেজের টিচার্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলন শেষে পুনর্মিলনী আয়োজন কমিটির প্রধান উপদেষ্টা ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম নিজে নিবন্ধন করে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
আগামী ২৮ নভেম্বর নারায়ণগঞ্জের ইসদাইর ওসমানী পৌর স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হবে। এতে অংশ নিতে প্রাক্তন শিক্ষার্থীদের নিবন্ধনের শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী ১০ নভেম্বর। নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৫০০ টাকা।
সংবাদ সম্মেলনে সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম বলেন, “তোলারাম কলেজকে আমরা হৃদয়ে ধারণ করি। আমাদের প্রত্যেকের জীবনের স্মৃতি জড়িয়ে আছে তোলারাম কলেজকে ঘিরে। এ কলেজের ৯০ বছর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান জাঁকজমকপূর্ণ হবে, একজন প্রাক্তন ছাত্র হিসেবে এটাই প্রত্যাশা করি।”

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী বুধবার সকাল থেকে অনলাইনে নিবন্ধন করতে পারবেন কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা। বিভিন্ন মাধ্যমে অনলাইন নিবন্ধনের লিংক প্রচার করা হবে। পুনর্মিলনীতে অংশগ্রহণকারীদের জন্য সকালের নাশতা, দুপুরের খাবার ও বিকেলের নাশতার ব্যবস্থা থাকবে।
এ ছাড়া প্রত্যেক নিবন্ধিত অংশগ্রহণকারীকে পোলো টি-শার্ট, ক্যাপ, চাবির রিং, মগ, ব্যাগ, কোট পিন ও আইডি কার্ড দেওয়া হবে। দিনব্যাপী আয়োজনের শেষ পর্বে থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
পুনর্মিলনী আয়োজন কমিটির আহ্বায়ক ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীবের উপস্থিতিতে সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম, মহানগর বিএনপির সদস্যসচিব আবু আল ইউসুফ খান টিপু, নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ফজলুল হক রুমন রেজা, সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ শহীদুল ইসলাম, সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নবী হোসেন, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালাম এবং নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি বিল্লাল হোসেন রবিনসহ বিশিষ্ট ব্যক্তিরা।

আয়োজকেরা আশা করছেন, এ পুনর্মিলনীর মধ্য দিয়ে কলেজের বিভিন্ন সময়ে অধ্যয়ন করা প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও বন্ধন আরও দৃঢ় হবে। একই সঙ্গে কলেজজীবনের স্মৃতিচারণ এবং দীর্ঘদিনের সহপাঠীদের সঙ্গে পুনর্মিলনের সুযোগ তৈরি হবে।
