বিগত সরকারের সময়ে দেশের শিক্ষাব্যবস্থার ব্যাপক ক্ষতি হয়েছে বলে মন্তব্য করেছেন দিনাজপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত শিক্ষাব্যবস্থাকে পুনরুদ্ধার করে আধুনিক, মানসম্মত ও মেধাভিত্তিক শিক্ষা নিশ্চিত করতে বর্তমান সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। মঙ্গলবার (১৩ অক্টোবর) দিনাজপুরের হলি ল্যান্ড কলেজের ক্যাম্পাস-২-এ ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, “বিগত ফ্যাসিস্ট সরকার সুপরিকল্পিতভাবে এ দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গেছে। কোটা প্রথার অপব্যবহারের মাধ্যমে দেশের মেধা ও যোগ্যতাকে ধূলিসাৎ করার গভীর ষড়যন্ত্র করা হয়েছিল। কিন্তু এ দেশের জাগ্রত ছাত্র-জনতা সেই চক্রান্ত মেনে নেয়নি। তাদের তীব্র গণরোষ ও আন্দোলনের মুখে শেষ পর্যন্ত স্বৈরাচারী শাসক দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।”
তিনি আরও বলেন, ছাত্র-জনতার রক্তক্ষয়ী আন্দোলন দেশের শিক্ষাব্যবস্থাকে নতুনভাবে গড়ে তোলার একটি ঐতিহাসিক সুযোগ তৈরি করেছে। ক্ষতিগ্রস্ত ও ভঙ্গুর শিক্ষাব্যবস্থাকে পুনরুজ্জীবিত করতে সরকার কাজ করছে। শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং মেধাভিত্তিক আধুনিক শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠা করাই এখন অন্যতম লক্ষ্য হওয়া উচিত।
শিক্ষা খাতে সরকারের অগ্রাধিকার তুলে ধরে সংসদ সদস্য বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের মেধা বিকাশের সুযোগ সৃষ্টিতে পর্যাপ্ত বরাদ্দ ও কার্যকর উদ্যোগ প্রয়োজন। কোনো ধরনের বৈষম্য কিংবা দলীয়করণ নয়, বরং মেধা ও যোগ্যতার ভিত্তিতেই আগামী দিনের বাংলাদেশ গড়ে তুলতে হবে। এ সময় তিনি শিক্ষাব্যবস্থার সংস্কার ও সার্বিক উন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী এবং সচেতন নাগরিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল—আসুন, এখনই আমাদের ভবিষ্যৎ গড়ে তুলি। হলি ল্যান্ড কলেজ, দিনাজপুরের সভাপতি অধ্যাপক আব্দুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমান, জেলা বিএনপির সদস্য ও দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মোস্তফা কামাল মিলন এবং পৌর বিএনপির ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি মজিবুর রহমান বিপ্লবসহ আমন্ত্রিত অতিথিরা।
অনুষ্ঠানটি সার্বিকভাবে তত্ত্বাবধান করেন হলি ল্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ইকবাল কবির মোগল। অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. ফয়সাল ইসলাম। নবীনবরণ অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের স্বাগত জানানোর পাশাপাশি তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে সাফল্য অর্জন, নৈতিক মূল্যবোধ চর্চা এবং দেশ গঠনে দায়িত্বশীল ভূমিকা পালনের প্রত্যাশা ব্যক্ত করা হয়।
The post ‘বিগত ফ্যাসিস্ট সরকার শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে গেছে’ — সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি appeared first on ভোরের চেতনা.
