মুন্সীগঞ্জের লৌহজংয়ে এক হাজার ৬২০ পিস ইয়াবাসহ দীপালী বেগম (৩৫) নামে এক মাদককারবারিকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১০)।
রোববার (২৫ অক্টোবর) বিকেলে এসআরবি-১০-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) লিজা আক্তার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, শনিবার (২৪ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলার লৌহজং উপজেলার কনকসার এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ ওই নারীকে আটক করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসআরবি-১০ শ্রীনগর ক্যাম্পের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে রাত পৌনে ১১টার দিকে লৌহজং থানাধীন কনকসার এলাকায় একটি অভিযান পরিচালনা করে। অভিযানকালে এক হাজার ৬২০ পিস ইয়াবাসহ একই গ্রামের দীপালী বেগমকে আটক করা হয়।
আটক নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে লৌহজং থানায় দু’টি মাদক মামলা রয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
