কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে ইউরোপে নতুন করে ২০০ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা করছে মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠান এনভিডিয়া। আগামী সপ্তাহে এ বিনিয়োগের বিষয়ে ঘোষণা দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াং।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সেমাফোরের প্রতিবেদন থেকে জানা যায়-গতকাল মঙ্গলবার (১৩ অক্টোবর) হুয়াং বলেন, এআই প্রযুক্তির বৈশ্বিক প্রতিযোগিতায় ইউরোপকে আরও সক্রিয় হতে হবে। তাঁর মতে, প্রযুক্তির এই প্রতিযোগিতায় এগিয়ে যেতে ইউরোপের বিনিয়োগ ও উদ্যোগ বাড়ানো জরুরি।
বিশ্লেষকদের মতে, এআই-সংশ্লিষ্ট রপ্তানি ও বিনিয়োগ বৈশ্বিক ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যেও কয়েকটি দেশের অর্থনীতিকে সহায়তা করছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান অর্থনীতিবিদও এআই খাতের অবদান তুলে ধরেছেন। বিশেষ করে যুক্তরাজ্যের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস বাড়িয়েছে সংস্থাটি।
তবে এআই প্রযুক্তির উন্নয়ন ও উদ্ভাবনে ইউরোপ এখনো যুক্তরাষ্ট্র ও চীনের তুলনায় পিছিয়ে রয়েছে। স্ট্যানফোর্ড এআই ইনডেক্সের তথ্য অনুযায়ী, উল্লেখযোগ্য এআই মডেল তৈরিতে যুক্তরাষ্ট্রের অবদান ৫৯টি এবং চীনের ৩৫টি। অন্যদিকে ফ্রান্স ও যুক্তরাজ্য প্রতিটি একটি করে উল্লেখযোগ্য এআই মডেল তৈরি করেছে।
এদিকে ইউরোপের প্রযুক্তি খাতে চীনা এআই মডেলের ব্যবহার নিয়েও আলোচনা তৈরি হয়েছে। জার্মানির একটি সার্চ ইঞ্জিন, যা ইউরোপের বিভিন্ন সরকার ব্যবহার করে, ফ্রান্সের মিস্ত্রাল এআইয়ের পরিবর্তে চীনের একটি ওপেন সোর্স মডেল ব্যবহারের পরিকল্পনা করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এনভিডিয়ার সম্ভাব্য বিনিয়োগ ইউরোপে এআই অবকাঠামো ও প্রযুক্তি উন্নয়নে নতুন গতি আনতে পারে। তবে বিনিয়োগের দেশ, খাত ও প্রকল্পভিত্তিক বিস্তারিত তথ্য আনুষ্ঠানিক ঘোষণার পর জানা যাবে।
১৯৯৩ সালে প্রতিষ্ঠিত মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠান এনভিডিয়া মূলত গ্রাফিকস প্নিট (জিপিইউ) তৈরির মাধ্যমে পরিচিতি লাভ করে। গেমিং ও কম্পিউটার গ্রাফিকসের পাশাপাশি বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডেটা সেন্টার, রোবটিকস এবং স্বয়ংচালিত গাড়ির প্রযুক্তিতে এনভিডিয়ার চিপ ও কম্পিউটিং প্ল্যাটফর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এআই মডেল প্রশিক্ষণ ও পরিচালনার জন্য উচ্চক্ষমতাসম্পন্ন জিপিইউয়ের চাহিদা বাড়ায় প্রতিষ্ঠানটি বৈশ্বিক প্রযুক্তি খাতের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
