বিশ্ব ফুটবলের ভবিষ্যৎ তারকাদের বেছে নিয়েছেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি।
ক্রীড়াসামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান অ্যাডিডাসের ‘মেসি+১০’ প্রচারণার তৃতীয় মৌসুমে বিশ্বের সম্ভাবনাময় ১০ তরুণ ফুটবলারের নাম তুলে ধরেছেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই মহাতারকা। তালিকায় রয়েছেন সাতজন পুরুষ ও তিনজন নারী ফুটবলার।
রবিবার (১১ অক্টোবর) প্রচারণাটির নতুন মৌসুমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। তরুণ ফুটবলারদের প্রতিভা বিকাশে উৎসাহ দেওয়া এবং আন্তর্জাতিক ফুটবলে নিজেদের প্রতিষ্ঠিত করার অনুপ্রেরণা জোগানোই এ উদ্যোগের মূল লক্ষ্য।
পুরুষ ফুটবলারদের তালিকায় রয়েছেন ইংলিশ ক্লাব আর্সেনালের ১৬ বছর বয়সী প্রতিভা ম্যাক্স ডাউম্যান, আর্জেন্টিনার বোকা জুনিয়র্সের টমাস আরান্দা এবং মেক্সিকান ক্লাব তিজুয়ানার গিলবার্তো মোরাসহ আরো চার তরুণ।
তাদের মধ্যে মোরাকে ঘিরে ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর আগ্রহ বিশেষভাবে আলোচনায় রয়েছে। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তাকে দলে পেতে আগ্রহী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মতো স্প্যানিশ জায়ান্টরা। তবে, এ আগ্রহের বিষয়ে আনুষ্ঠানিক নিশ্চয়তা নেই।
তালিকায় টমাস আরান্দার অন্তর্ভুক্তি আর্জেন্টিনার ফুটবলপ্রেমীদের জন্যও বিশেষ আগ্রহের বিষয়। কারিগরি দক্ষতা ও সৃজনশীল খেলার জন্য পরিচিত এই তরুণ ইতিমধ্যে নজর কেড়েছেন। আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্ক্যালোনির নজরেও পড়েছেন তিনি বলে জানা গেছে।
বিশ্বকাপের আগে একটি প্রীতি ম্যাচের জন্য স্ক্যালোনির বিবেচনায় থাকা দলেও জায়গা পেয়েছিলেন আরান্দা। তবে ডান পায়ের ফিবুলা হাড় ভেঙে যাওয়ায় বর্তমানে মাঠের বাইরে রয়েছেন তিনি।
মেসির নির্বাচিত পুরুষ ফুটবলারদের তালিকায় আরো রয়েছেন তুরস্কের কান উজুন, যুক্তরাষ্ট্রের জাভিয়ের গুজো, স্পেনের হেসুস রদ্রিগেস এবং নেদারল্যান্ডসের কিস স্মিট।
নারী ফুটবলারদের মধ্যে জায়গা পেয়েছেন ইংলিশ ক্লাব চেলসির ক্লোয়ি সারয়, ব্রাজিলের অলিম্পিক লিওঁর জিওভানা ওয়াকসম্যান এবং জার্মানির হামবুর্গের লোটা ফ্রিডে।
তরুণ প্রতিভাদের সামনে তুলে ধরার এই উদ্যোগ শুরু হয়েছিল ২০২৫ সালের জানুয়ারিতে। প্রথম মৌসুমে বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামালসহ ১০ উদীয়মান ফুটবলারকে চাপ সামলানো ও পেশাদার ক্যারিয়ার এগিয়ে নেওয়ার বিষয়ে পরামর্শ দিয়েছিলেন মেসি।
দ্বিতীয় মৌসুমে ২০২৫ সালের অক্টোবরে আলোচনায় আসে নিকো পাজ, রিও এনগুমোহা ও আন্দ্রে সান্তোসের মতো প্রতিভাবান ফুটবলারের নাম।
