পরিচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের কাছে ১৫ লাখ টাকা চাঁদা দাবি, প্রতারণা, অর্থ আত্মসাৎ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে সাবেক স্ত্রী মোছা. সাথী খাতুনসহ (২২) তিনজনের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদের আদালতে বাদী হয়ে এই আবেদন করেন হিরো আলম। মামলার অন্য আসামিরা হলেন—তার সাবেক সহযোগী আহসান হাবিব সেলিম (৩০) ও মো. মহিদুল ইসলাম (২৮)।
হিরো আলমের আইনজীবী শান্তা সাকছিনা বিষয়টি নিশ্চিত করে জানান, আদালত বাদীর জবানবন্দি গ্রহণ শেষে অভিযোগের সত্যতা অনুসন্ধানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
আদালতে দেওয়া অভিযোগে বলা হয়, সাবেক স্ত্রী সাথী খাতুন হিরো আলমের মাধ্যমে মিউজিক ভিডিওতে কাজের সুযোগ নেন এবং সংসারের খরচের জন্য নানা সময়ে আর্থিক সুবিধা নেন। সম্প্রতি ওমরাহ পালনে সৌদি আরবে অবস্থানকালে এবং পরবর্তীতে শুটিংয়ের অজুহাতে আরও অর্থ দাবি করা হয়। গত ১৭ আগস্ট তাকে পাঁচ লাখ টাকা দেওয়া হলে তা ব্যাংকে জমা রাখার কথা সাথী নিজেই সামাজিক মাধ্যমে স্বীকার করেন। তবে গত ২৯ সেপ্টেম্বর সাথী খাতুনকে তালাক দেওয়ার পর আসামিরা যোগসাজশ করে হিরো আলমের কাছে ১৫ লাখ টাকা চাঁদা দাবি করতে থাকেন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, চাঁদা না দিলে সামাজিক মাধ্যমে মানহানি, গালাগাল ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এর আগে গত ১৬ অক্টোবর হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন হিরো আলম। আসামিরা লাইভে এসে জন্মদিনের অনুষ্ঠানে বিষ খেয়ে হিরো আলমকে ফাঁসানোর হুমকি দিয়েছেন বলেও মামলায় অভিযোগ করা হয়।
