জিম্বাবুয়ের ক্রিকেট ইতিহাসে নিজের নামটি আরও একবার স্বর্ণাক্ষরে লিখলেন ব্রেন্ডন টেলর। শনিবার বাংলাদেশের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ম্যাচে ব্যক্তিগত মাইলফলক ছোঁয়ার পাশাপাশি ওয়ানডেতে দেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার কীর্তি গড়েছেন অভিজ্ঞ এই ব্যাটার। পেছনে ফেলেছেন জিম্বাবুয়ের আরেক কিংবদন্তি অ্যান্ডি ফ্লাওয়ারকে।
বাংলাদেশের বিপক্ষে ম্যাচে ক্যারিয়ারের ৪০তম ওয়ানডে ফিফটি তুলে নেন টেলর। এটি বাংলাদেশের বিপক্ষে তার দশম অর্ধশতক। অভিজ্ঞতার সঙ্গে ব্যাটিংয়ের ধারও যে কমেনি, এই ইনিংসে সেটিই যেন আরেকবার প্রমাণ করেছেন ডানহাতি এই ব্যাটার।
ওয়ানডেতে জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ রানের রেকর্ডটি এত দিন ছিল অ্যান্ডি ফ্লাওয়ারের দখলে। ১৯৯২ থেকে ২০০৩ সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে দাপট দেখানো এই উইকেটকিপার-ব্যাটার ২১৩ ওয়ানডেতে করেছিলেন ৬ হাজার ৭৮৬ রান। বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে রেকর্ডটি ভাঙতে টেলরের প্রয়োজন ছিল মাত্র ৩০ রান। নিজের ২১১তম ওয়ানডে খেলতে নেমে সেই লক্ষ্য পূরণ করেন তিনি।
শতকের হিসাবেও জিম্বাবুয়ের ক্রিকেটে শীর্ষস্থান ধরে রেখেছেন টেলর। দেশটির হয়ে ওয়ানডেতে সর্বোচ্চ ১১টি সেঞ্চুরি রয়েছে তার। তবে টেলরের ক্যারিয়ারে উত্থানের পাশাপাশি কঠিন সময়ও এসেছে। ২০২১ সালে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দুর্নীতিবিরোধী আইন ভঙ্গের দায়ে সব ধরনের ক্রিকেট থেকে সাড়ে তিন বছরের নিষেধাজ্ঞা পান তিনি।
নিষেধাজ্ঞার কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হয় তাকে। সাজা শেষ করে গত বছরের ২৫ জুলাই সর্বোচ্চ স্তরের ক্রিকেটে ফেরেন এই জিম্বাবুইয়ান ক্রিকেটার। ফেরার পর ৪০ বছর বয়সেও ব্যাট হাতে নিজের সামর্থ্যের প্রমাণ দিচ্ছেন দেশটির ইতিহাসের অন্যতম সেরা এই ব্যাটার।
১০১ বল খেলে টেলর শেষ পর্যন্ত আউট হন ৮১ রানে। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান করার সুবাধে জিম্বাবুয়ের স্কোর দাঁড়ায় ৮ উইকেটে ২৭১।
