পর্যটকদের জন্য সেন্ট মার্টিন খুলে দেওয়ার তারিখ ঘোষণা
সরওয়ার আজম মানিকপ্রকাশ: আপডেট:
দেশের একমাত্র প্রবাল দ্বীপ পর্যটন কেন্দ্র সেন্টমার্টিন আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে। পর্যটকদের সুবিধার্থে সেখানে নানা ধরনের প্রস্তুতি চলছে।
রবিবার (২৫ অক্টোবর) পর্যটন গমন বিষয়ক আন্তঃমন্ত্রণালয়ের সভায় এ সিদ্ধান্ত হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, ১ নভেম্বর থেকে ১৫ মার্চ পর্যন্ত প্রতিদিন ২ হাজারের পরিবর্তে সাড়ে ৩ হাজার পর্যটক সেন্টমার্টিন ভ্রমণ করতে পারবেন।
এছাড়া সেন্টমার্টিনে রাত্রিযাপনের নিষেধাজ্ঞাও তুলে নেয়ার সিদ্ধান্ত হয়েছে সভায়।
দ্বীপের পরিবেশ সংরক্ষণে প্রত্যেক পর্যটকের কাছ থেকে ১০০ টাকা করে ফি আদায় করা হবে। পরিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) ব্যবস্থাপনা বিধিমালার ২৬ বিধি অনুযায়ী এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পরিবেশ অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে।
চিঠিতে আরও বলা হয়েছে, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া সেন্টমার্টিনে চলাচলের জন্য কোনো নৌযানকে অনুমতি দেওয়া যাবে না। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও নৌপরিবহন অধিদপ্তরকে এ নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে।
পর্যটন কার্যক্রম সঠিক ভাবে পরিচালনা এবং দ্বীপের পরিবেশ সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তর, কক্সবাজার জেলা প্রশাসন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, পুলিশ সুপার ও ট্যুরিস্ট পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের চিঠিতে ২০২৫ সালের ২২ অক্টোবর জারি করা সেন্টমার্টিন-সংক্রান্ত প্রজ্ঞাপনের সব নির্দেশনা বহাল রাখার কথাও বলা হয়েছে।

পরিবেশগতভাবে সংকটাপন্ন এই প্রবাল দ্বীপের জীববৈচিত্র্য রক্ষার পাশাপাশি পর্যটন কার্যক্রম পরিচালনা নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। নতুন সিদ্ধান্তে পর্যটকদের যাতায়াতের সময়সীমা ও দৈনিক সংখ্যা নির্ধারণের পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ফি এবং নৌযান চলাচলে মন্ত্রণালয়ের অনুমোদন বাধ্যতামূলক করা হয়েছে।
কয়েক বছর আগেও টেকনাফ থেকে প্রতি দিন ৯ থেকে ১১টি জাহাজে পাঁচ-ছয় হাজার পর্যটক সেন্ট মার্টিনে যেতেন। ১৩ কিলোমিটারের নাফ নদী, ২১ কিলোমিটারের বঙ্গোপসাগর পাড়ি দিয়ে পর্যটকেরা সেখানে পৌঁছাতেন। কিন্তু মিয়ানমারের রাখাইন রাজ্যের যুদ্ধপরিস্থিতি, সেখানকার সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির নিয়ন্ত্রণে রাখাইন রাজ্যে চলে যাওয়া, নাফ নদীতে চলাচলকারী বাংলাদেশি ট্রলার ও যাত্রীবাহী নৌযানে গুলিবর্ষণ, নৌকাসহ বাংলাদেশিদের অপহরণসহ নানা ঘটনায় টেকনাফ-সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখা হয়।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
