চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় স্কুলগামী শিক্ষার্থীদের উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় ইমদাদুল হক (২৩) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (১৪ অক্টোবর) রাত ৯টার দিকে পৌর এলাকার নওদাবন্ডবিলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নাইস (২০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
নিহত ইমদাদুল হক আলমডাঙ্গা পৌর এলাকার নওদাবন্ডবিলের বাসিন্দা রেজাউল হকের ছেলে। বিদেশ যাওয়ার উদ্দেশ্যে মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে তিনি ঢাকা থেকে নিজ বাড়িতে এসেছিলেন। আটক অভিযুক্ত নাইস একই পৌর এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে অভিযুক্ত নাইসের বিরুদ্ধে স্থানীয় স্কুলগামী শিক্ষার্থীদের উত্ত্যক্ত করার অভিযোগ রয়েছে। এ নিয়ে ইমদাদুলের সঙ্গে তার একাধিকবার কথা-কাটাকাটি ও বিরোধ সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় বুধবার রাতে ইমদাদুল নাইসের বাড়িতে গিয়ে তার বাবা-মাকে বিষয়টি জানাতে চান।
সেখানে কথা বলার একপর্যায়ে নাইসের সঙ্গে ইমদাদুলের প্রচণ্ড বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে নাইস কাঠ দিয়ে ইমদাদুলের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে সজোরে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেন। তবে শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ঘটনার খবর পেয়ে আলমডাঙ্গা থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। পরবর্তীতে অভিযান চালিয়ে পৌর এলাকার লালব্রিজ অঞ্চল থেকে অভিযুক্ত নাইসকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম বলেন, খবর পাওয়ার পর দ্রুত পুলিশ পাঠানো হয় এবং তাৎক্ষণিক অভিযানে অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলার প্রস্তুতি চলছে।
