ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নে খয়রাবাদ সেতু-সংলগ্ন তিন নদীর মোহনায় পর্যটন কেন্দ্র নির্মাণের উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার ফলক উন্মোচনের মাধ্যমে এর উদ্বোধন করেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় পর্যটন কেন্দ্রের নির্ধারিত এলাকা পরিদর্শন শেষে তিনি এই উদ্বোধন করেন।
অনুষ্ঠানে ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার বলেন, দপদপিয়ার তিন নদীর মোহনা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি স্থান। পরিকল্পিতভাবে এখানে পর্যটন কেন্দ্র গড়ে তোলা হলে এলাকার সৌন্দর্য আরও বাড়বে। পাশাপাশি স্থানীয় মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এবং এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে।
তিনি আরও বলেন, পর্যটন কেন্দ্রটি যেন পরিবেশবান্ধব ও আকর্ষণীয় হয়, সে বিষয়েও গুরুত্ব দিতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন, পুলিশ সুপার মেরিন সুলতানা, জেলা বিএনপির সদস্যসচিব ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী কাজী মাহমুদুল্লাহ, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আক্কাস সিকদার ও দপদপিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রিমন আকনসহ স্থানীয় দলীয় নেতাকর্মীরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এলজিইডি ও জেলা প্রশাসনের যৌথ ব্যবস্থাপনায় পর্যটন কেন্দ্র নির্মাণের এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বিআলো/শিলি