কুমিল্লার দাউদকান্দি থেকে পাবনায় পাচারের পথে ২৮০ বস্তা ডিএপি সারসহ একটি ট্রাক জব্দ করেছে মানিকগঞ্জ সদর থানা পুলিশ। এ সময় ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়েছে। সোমবার ভোরে নয়াকান্দি এলাকায় সড়ক ও জনপথ বিভাগের বেরিয়ার গেটের সামনে থেকে ট্রাকটি জব্দ করা হয়। আটক ব্যক্তিরা হলেন- ট্রাকচালক রুবেল হোসেন ও হেলপার মনির হোসেন। পুলিশ জানায়, নয়াকান্দি এলাকায় টহল পুলিশ ট্রাকটির গতিবিধি সন্দেহজনক মনে হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা সার পাচারের কথা স্বীকার করেন। ওসি মনির হোসেন বলেন, সার পাচারের সময় ২৮০ বস্তা সারসহ ট্রাক জব্দ এবং চালক ও হেলপারকে আটক করা হয়েছে।