আমিনুল ইসলাম: সিনিয়র স্টাফ রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের আক্কেলপুর এলাকায় অবৈধভাবে টিএসপি সার পরিবহন এবং ক্রয়ের রসিদ দেখাতে না পারায় মোঃ ইসমাইল, পিতাঃ আব্দুল মান্নান কে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ১৮ বস্তা টিএসপি সার জব্দ করা হয়, যার বাজারমূল্য ২৪ হাজার ৩০০ টাকা। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গোমস্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) চৌধুরী আল মাহমুদ। এ সময় প্রসিকিউশন প্রদান করেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. হাসান আতিকুর রহমান। জব্দ করা ১৮ বস্তা সার উপসহকারী কৃষি কর্মকর্তা গানিউল ইসলাম ও ইউপি সদস্য সিরাজুল ইসলামের জিম্মায় রাখা হয়। পরে জিম্মাদাররা উপস্থিত কৃষকদের কাছে সরকারি নির্ধারিত মূল্যে সারগুলো বিক্রি করেন। এ বাবদ আদায় করা ২৪ হাজার ৩০০ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার জন্য গ্রহণ করা হয়। অবৈধভাবে সার পরিবহন ও ক্রয়-বিক্রয় প্রতিরোধ এবং কৃষকদের জন্য সারের সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
Aminul
The post গোমস্তাপুরে অবৈধভাবে সার পরিবহন, ১০ হাজার টাকা জরিমানা ও ১৮ বস্তা টিএসপি সার জব্দ appeared first on Matrijagat.
