ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে ব্যাটিংয়ে পুরোপুরি ব্যর্থ ছিল বাংলাদেশ। যে কারণে জিম্বাবুয়ের কাছে বড় ব্যবধানে হারতে হয়েছে। এবার আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে টাইগাররা। এই ম্যাচের আগে ব্যাটারদের মানসিকতায় পরিবর্তনের বিকল্প দেখছেন না ওপেনার তানজিদ হাসান তামিম।
তিনি বলেন, 'আমরা সবসময় চেষ্টা করি ভালো কিছু করার, দলকে ভালো কিছু দেওয়ার। হয়তোবা কখনো পারি, কখনো পারি না। একটি দল হিসেবে ধারাবাহিক ভাবে যত ভালো খেলব, আমার মনে হয় তত সামনের দিকে আরও এগিয়ে যাব।'
বড় পরিকল্পনা না রেখে ছোট ছোট পরিকল্পনাতে এগোতে চান তামিম, 'মানসিকতারই ব্যাপার এটা। ৩০০ বা সাড়ে ৩০০ চিন্তা না করে, যদি ছোট ছোট লক্ষ্য ঠিক করে খেলি, তাহলে আমার মনে হয় কাজটা সহজ হবে। তো আমাদের ওভাবেই মানসিকতা ঠিক করতে হবে।'
প্রথম ম্যাচে হার নিয়ে তামিম বলেন, 'উইকেট রান তাড়া করার মতোই ছিল। আমরা পার্টনারশিপ করতে পারিনি, এটা মূল কারণ। ব্যাক টু ব্যাক উইকেট পড়েছে। এটা আমাদের জন্য চাপ হয়ে দাঁড়িয়েছে। এই চাপ কীভাবে রিলিজ করব বা এমন চাপের মুহূর্তে শান্ত থেকে যত বেশি সময় ব্যাট করা যায়, যত ওভার খেলা যায়, এটা নিয়ে আমাদের কাজ করতে হবে।'
এসএইচ/এইচজেএস
