জামালপুরের বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে ডুবে সাথী আক্তার (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) দুপুর তিনটা দিকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন।
এর আগে দুপুর ১২টা দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের ভাটি কলকিহারা এলাকায় এ ঘটনা ঘটে। পরে দুপুর ১টা দিকে নদী থেকে তার মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।
নিহত সাথী আক্তার ভাটি কলকিহারা গ্রামের জাকিরুল ইসলাম ও জুলেখা বেগমের মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার সকালে ফুফু জুমুরী বেগমের সঙ্গে বাড়ির পশ্চিম পাশে ব্রহ্মপুত্র নদে কাপড় ধুতে যায় সাথী। সেখানে কাপড় ধোয়ার একপর্যায়ে সে নদীর পানিতে ডুবে যায়। দীর্ঘক্ষণ সাথীকে পানির ওপরে ভেসে উঠতে না দেখে তার ফুফু চিৎকার শুরু করেন।
তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে স্থানীয়রা নদীতে নেমে শিশুটিকে খুঁজতে শুরু করেন। প্রায় এক ঘণ্টা খোঁজাখুঁজির পর দুপুর ১টা দিকে নদী থেকে সাথীকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে মুঠোফোনে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন, ব্রহ্মপুত্র নদে ডুবে এক শিশুর মৃত্যুর ঘটনার বিষয় জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানে হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
