
ডোমারে রশিদুল ইসলাম নামের এক যুবলীগ কর্মীকে আটক করেছে ডিবি।
নীলফামারীর ডোমার বাজার থেকে রশিদুল ইসলাম (৩৭) নামের এক যুবলীগ কর্মীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে পরে তাকে ডোমার থানায় হস্তান্তর করা হয়।
আটক রশিদুল ইসলাম ডোমার উপজেলার পূর্ব চিকনমাটী সবুজপাড়া এলাকার মতিয়ার রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৮ সালে নির্বাচনি প্রচারণার সময় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ভগ্নিপতি অধ্যাপক রফিকুল ইসলামের গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এ ছাড়া, সামাজিক যোগাযোগমাধ্যমে শেখ হাসিনা ও নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন পোস্ট দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস আলম সরকার বলেন, আইনি প্রক্রিয়া শেষে শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
