ধামরাইয়ে পরিত্যাক্ত গোডাউনে আগুন
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ পিএম
ধামরাই উপজেলার কালামপুর বিসিক শিল্প নগরী এলাকায় স্টিল স্ট্রাকচার মুকুল পিভিসি ইন্ডাস্ট্রিজ কারখানায় আগুন।
-->ঢাকার ধামরাইয়ে বিসিক শিল্প নগরী এলাকায় স্টিল স্ট্রাকচার মুকুল পিভিসি ইন্ডাস্ট্রিজ কারখানার পরিত্যাক্ত গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রবিবার (১৮ অক্টোবর) সকালে উপজেলার সোমভাগ ইউনিয়নের কালামপুর বিসিক শিল্প নগরী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার সোমভাগ ইউনিয়নের কালামপুর বিসিক শিল্প নগরী এলাকায় স্টিল স্ট্রাকচার মুকুল পিভিসি ইন্ডাস্ট্রিজ কারখানার পরিত্যাক্ত গোডাউনে গ্যাস লিকেজ থেকে আগুন লেগে যায়।
আরও পড়ুন
ধামরাই ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ৩০ মিনিট কাজ করার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ৩ হাজার স্কয়ার বর্গফুটের পরিত্যক্ত গোডাউনে এই আগুন লাগে। এতে প্রায় ১ লক্ষ টাকার মালামালের ক্ষতি হয়। সেই সঙ্গে ফায়ার সার্ভিসের লোকজন প্রায় ৫ লক্ষ টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হয়। তবে মানুষের হতাহত বা মৃতের কোন ঘটনা ঘটেনি।
এ বিষয়ে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আল আমিন খান বলেন, ‘সকালে কালামপুর বিসিক শিল্প নগরী এলাকায় একটি পিভিসি ইন্ডাস্ট্রিজ কারখানায় আগুন লাগার ঘটনা জানতে পেরে ৮ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছাই। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে প্রায় ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।’
তিন হাজার বর্গফুট আয়তনের স্টিল স্ট্রাকচার কারখানার পরিত্যাক্ত গোডাউনে গ্যাস লিকেজ থেকে আগুন ধরে। এক লক্ষ টাকার মালামাল ক্ষতি হয় এবং পাঁচ লক্ষ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।
রুহুল আমিন/আজহার/
আরও পড়ুন
কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত মা ও দুই সন্তানের দাফন সম্পন্ন
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ পিএম
ছবি: খবরের কাগজ
-->কুড়িগ্রামের রৌমারীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত প্রভাষক শহিদুল ইসলামের স্ত্রী ও দুই সন্তানকে পাশাপাশি কবরস্থানে দাফন করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে ধানবোঝাই ট্রাকের ধাক্কায় অটোরিকশার পাঁচ আরোহী নিহত হন। নিহতদের মধ্যে ছিলেন শহিদুল ইসলামের স্ত্রী লিপি বেগম (২৬), ছেলে রিশাদ মিয়া (১২) ও মেয়ে তুবা (৭)।
আজ রবিবার সকালে উপজেলার চর শৌলমারী ইউনিয়নের চতলাকান্দা গ্রামের সামাজিক কবরস্থানে তাদের দাফন করা হয়। স্ত্রী ও দুই সন্তানকে হারিয়ে শোক স্তব্ধ শহিদুল ইসলাম।
আরও পড়ুন
নিহত অন্য দুজন হলেন যাদুরচর ইউনিয়নের কর্তিমারী বাজার এলাকার বাদল মিয়ার স্ত্রী শরিফা বেগম (৪২) এবং রাজীবপুর উপজেলার মণ্ডলপাড়া গ্রামের নজরুল ইসলাম (৪২)। তাদেরও রবিবার সকালে নিজ নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
জানা গেছে, শহিদুল ইসলামের স্ত্রী-সন্তানেরা জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের পান্তামারী গ্রামে শ্বশুরবাড়িতে গিয়েছিলেন। সেখান থেকে বাড়ি ফেরার পথে শনিবার দুপুর আড়াইটার দিকে রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের সায়েদাবাদ বাজারের শিবেরডাঙ্গি এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিপরীত দিক থেকে আসা ধানবোঝাই একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরও দুইজন।
জানাজায় অংশ নেওয়া স্থানীয় কলেজশিক্ষক একরামুল হক বলেন, ‘শহিদুল ইসলামের দুই সন্তান তার সন্তানের সঙ্গে পড়াশোনা করত। রিশাদ এবার ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিল। তাকে ক্যাডেট কলেজে ভর্তির জন্য কোচিং করানোর পরিকল্পনা ছিল পরিবারের। কিন্তু দুর্ঘটনায় সব শেষ হয়ে গেল। স্ত্রী ও দুই সন্তানকে হারিয়ে শহিদুল ইসলাম বাকরুদ্ধ হয়ে পড়েছেন।’
দুর্ঘটনায় বৃষ্টি খাতুন (২৫) নামে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
সহকারী পুলিশ সুপার (রৌমারী সার্কেল) রাসেল কবির বলেন, ‘এ ঘটনায় ট্রাক ও অটোরিকশা জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
মওলা সিরাজ/খাদিজা রুমি/
আরও পড়ুন
চট্টগ্রাম বিমানবন্দরে ১ কোটি ২০ লাখ টাকার স্বর্ণসহ যাত্রী আটক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০৩:২২ পিএম
আপডেট: ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৯ পিএম
ছবি: খবরের কাগজ
-->চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবুধাবি থেকে আসা এক যাত্রীর কাছ থেকে প্রায় ১ কোটি ২০ লাখ টাকা মূল্যের ৫৬৬ গ্রাম স্বর্ণদণ্ড ও অলঙ্কার জব্দসহ তাকে আটক করা হয়েছে।
রবিবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ৬টায় আবুধাবি থেকে আগত ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটে মোহাম্মদ কামরুল ইসলাম নামের ওই যাত্রী চট্টগ্রাম আসেন।
বাঁশখালীর বাসিন্দা মোহাম্মদ কামরুল ইসলামের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়।
আরও পড়ুন
জানা গেছে, কাস্টমস হলে স্ক্যানিংয়ের সময় ডিজিএফআই এনএসআইসহ অন্যান্য গোয়েন্দা সংস্থার টিম যাত্রীর ব্যাগেজের ভেতরে থাকা নন-স্টিক প্যান, স্টেইনলেস স্টিলের সবজি ব্লেন্ডিংয়ের যন্ত্র এবং স্টেইনলেস স্টিলের বাসন রাখার স্ট্যান্ডের ভেতরে বিশেষ কায়দায় লুকানো ৪৬৬ গ্রাম ওজনের চারটি স্বর্ণের দন্ড এবং যাত্রীর কাছে থাকা ১০০ গ্রাম ওজনের স্বর্ণের চুড়িসহ ৫৬৬ গ্রাম স্বর্ণ জব্দ করেছে। উদ্ধার করা স্বর্ণের চালানের পরিমাণ নির্ণয়ের পরে বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তীতে স্বর্ণগুলো ডিএম মুলে জব্দ করা হয়।
স্বর্ণ পরিবহনে জড়িত ও আটক যাত্রীর বিরুদ্ধে চোরাচালান আইনে মামলা করে পতেঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
চট্টগ্রাম বিমানবন্দরের মুখপাত্র প্রকৌশলী ইব্রাহীম খলিল বলেন, ‘চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫৬৬ গ্রাম স্বর্ণদণ্ড ও অলঙ্কারসহ আবুধাবি থেকে আসা যাত্রীকে আটক করা হয়েছে। তার কাছ থেকে জব্দ করা স্বর্ণের মূল্য প্রায় ১ কোটি ২০ লাখ ৪০ হাজার টাকা। রবিবার বিকেলে তাকে কোর্ট হাজতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।’
আবদুস সাত্তার/খাদিজা রুমি/
আরও পড়ুন
মিঠাপুকুরে ধানখেত থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০৩:২১ পিএম
আপডেট: ১৮ অক্টোবর ২০২৬, ০৩:২৪ পিএম
ছবি: খবরের কাগজ
-->রংপুরের মিঠাপুকুরে ধানখেত থেকে নবম শ্রেণির শিক্ষার্থী আকাশ মিয়ার (১৭) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (১৮ অক্টোবর) সকালে উপজেলার ভাগ্নী ইউনিয়নে ধানখেতের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আকাশ মিয়া ওই ইউনিয়নের দক্ষিণ মাঠিয়া খোলার মুন্না মিয়ার ছেলে।
আরও পড়ুন
পুলিশ জানায়, সকালে মাঠের হাটসংলগ্ন কাঁচা রাস্তার পাশে ধানখেতে মরদেহটি দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এরশাদ আহমেদ বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে।’
সেলিম সরকার/তামান্না রুপা/
আরও পড়ুন
সরাইল রিজয়নে ১০ মাসে মাদকসহ ৯৫৭ কোটি টাকার চোরাইপণ্য জব্দ, আটক ৩৩৩
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০৩:১২ পিএম
আপডেট: ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৩১ পিএম
সংবাদ সম্মেলনে ১০ মাসের তথ্য দিচ্ছেন ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাসিবুল ইসলাম। ছবি: খবরের কাগজ
-->বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সরাইল রিজিয়নের অধীনস্থ ১৩টি ব্যাটালিয়ন গত ১০ মাসে ৯৫৭ কোটি ১৩ লাখ সমমূল্যের মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য জব্দ করেছে। মাদকবিরোধী অভিযানে আটক করা হয়েছে ৩৩৩ জনকে।
রবিবার (১৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাসিবুল ইসলাম।
সংবাদ সম্মেলনে বিজিবি জানায়, চলতি বছরের ১৫ অক্টোবর পর্যন্ত বিভিন্ন অভিযানে ১১টি পিস্তল, ৯টি ম্যাগাজিন, ৭টি এয়ারগান, ৫টি পাইপগান ও ৬২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ১৯ কেজি উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ১১৭টি ডেটোনেটর এবং ৭৭ মিটার ডেটোনেটর তার উদ্ধার করা হয়।
আরও পড়ুন
একই সময়ে মাদকবিরোধী অভিযানে ৩ লাখ ৪০ হাজার ৮১৫টি ইয়াবা, ১৪ হাজার ৯৬৭ কেজি গাঁজা, ৬৩ হাজার ৫৭৫ বোতল বিদেশি মদ ও বিয়ার, ১৬ হাজার ৮৮০ বোতল ফেনসিডিল ও ইস্কাফ সিরাপ এবং ৪ লাখ ৩২ হাজার ৫১০টি বিভিন্ন ধরনের যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ করা হয়েছে। এছাড়া ২১০ লিটার চোলাই মদও জব্দ করা হয়।
এসব অভিযানে আটক ৩৩৩ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাসিবুল ইসলাম বলেন, ‘মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগের পাশাপাশি জনগণের সচেতনতা ও সহযোগিতা এবং গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা জননিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।’
এ ক্ষেত্রে সবাইকে গুজবে কান না দেওয়া, যাচাই না করে কোনো তথ্য প্রচার করা এবং সন্দেহজনক কিছু নজরে এলে নিকটস্থ বিজিবি টহলদল, ক্যাম্প বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে ফেনী ৪ বিজিবির সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন, সুবেদার মেজর সিরাজুল ইসলামসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তোফায়েল আহাম্মদ/আজহার/
