দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২৬, ০৭:৪১ পিএম
: শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে অসহায় ও সুবিধাবঞ্চিত শিশু ও মায়েদের মুখে হাসি ফোটাতে নতুন বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করেছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, যুব ঐক্য পরিষদ এবং প্রভাত সমাজ কল্যাণ সংস্থা। ধর্মীয় উৎসবের আনন্দ সমাজের পিছিয়ে পড়া মানুষের সঙ্গে ভাগাভাগি করে নিতে আয়োজিত এ মানবিক উদ্যোগে উপকৃত হয়েছেন বিভিন্ন এলাকার প্রায় ৩৫০ জন অসহায় মানুষ।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৪টায় নারায়ণগঞ্জ মহানগরের শীতলক্ষ্যা এলাকার শ্রীশ্রী সত্যনারায়ণ জিউর বিগ্রহ মন্দির প্রাঙ্গণে ধারাবাহিক এ কর্মসূচির পঞ্চম দিনে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শারদীয় দুর্গোৎসব শুধু একটি ধর্মীয় উৎসব নয়; এটি অসা¤প্রদায়িক চেতনা, মানবিকতা, ভ্রাতৃত্ব ও পারস্পরিক স¤প্রীতির এক অনন্য প্রকাশ। মা দুর্গার আরাধনার মধ্য দিয়ে আমরা অশুভ শক্তির বিনাশ, সত্য ও ন্যায়ের প্রতিষ্ঠা এবং মানুষের কল্যাণে কাজ করার প্রেরণা লাভ করি।
তিনি আরও বলেন, “উৎসবের প্রকৃত আনন্দ তখনই সার্থক হয়, যখন সমাজের অসহায়, সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া মানুষের মুখেও হাসি ফোটে। আজকের এই আয়োজনের মাধ্যমে অসহায় শিশু ও মায়েদের হাতে নতুন বস্ত্র ও নগদ অর্থ তুলে দেওয়া হচ্ছে, যা নিঃসন্দেহে একটি প্রশংসনীয় মানবিক উদ্যোগ। একটি নতুন পোশাক কিংবা আর্থিক সহায়তা শুধু প্রয়োজন পূরণের মাধ্যম নয়, বরং এটি মানুষের প্রতি ভালোবাসা, সহমর্মিতা ও দায়িত্ববোধের বহিঃপ্রকাশ।
তিনি বলেন, “আমি আশা করি, নারায়ণগঞ্জ জেলা ও মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, যুব ঐক্য পরিষদ এবং প্রভাত সমাজ কল্যাণ সংস্থার এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলে মানুষের পাশে দাঁড়াতে পারলে একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও সম্প্রীতিময় সমাজ গড়ে তোলা সম্ভব হবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাজেদুর রহমান, নারায়ণগঞ্জ মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ও প্রভাত সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা লিটন চন্দ্র পাল, মহানগর ঐক্য পরিষদের সহ-সভাপতি ও প্রভাতের উপদেষ্টা ননী গোপাল সাহা, বিকাশ সাহা, শীতলক্ষ্যা মন্দিরের সভাপতি সুভাষ চন্দ্র পাল, মহানগর ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও প্রভাতের পরিচালক অরুন দেবনাথ, সাংগঠনিক সম্পাদক বিপ্লব কুন্ডু এবং বন্দর উপজেলা ঐক্য পরিষদের সভাপতি হরি সাহা।
নারায়ণগঞ্জ জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি ও প্রভাত সমাজ কল্যাণ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক আনন্দ কুমার সেরাওগী সুমনের সভাপতিত্বে এবং জেলা যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও প্রভাত সমাজ কল্যাণ সংস্থার অর্থ পরিচালক ভজন দাস সঞ্চালনা করেন।
নারায়ণগঞ্জ মহানগর ঐক্য পরিষদের সভাপতি ও প্রভাত সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা লিটন পাল বলেন, শারদীয় দুর্গোৎসব আনন্দ, ভালোবাসা ও মানবিকতার উৎসব। এই আনন্দ যেন শুধু স্বচ্ছল মানুষের মধ্যে সীমাবদ্ধ না থাকে, বরং সমাজের অসহায় শিশু, মা ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনেও আনন্দের আলো ছড়িয়ে পড়ে সেই লক্ষ্যেই আমাদের এ উদ্যোগ। আমরা বিশ্বাস করি, মানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই উৎসবের প্রকৃত তাৎপর্য ফুটে ওঠে।
আয়োজকরা জানান, শারদীয় দুর্গোৎসবের আনন্দ অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যে এটি ছিল তাদের ধারাবাহিক মানবিক কার্যক্রমের পঞ্চম দিন। এদিন নারায়ণগঞ্জ মহানগরের বিভিন্ন এলাকার প্রায় ৩৫০ জন অসহায় মানুষের মাঝে নতুন বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করা হয়। মানুষের প্রতি ভালোবাসা, সামাজিক দায়বদ্ধতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির চেতনা থেকেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
