ঢাকা: সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ। শারদীয় দুর্গোৎসবের নির্ঘণ্ট অনুযায়ী আজ মঙ্গলবার (২০ অক্টোবর) উদ্যাপিত হচ্ছে মহানবমী পূজা। আজ দেবীকে শেষবারের মতো প্রাণভরে দর্শন করবেন ভক্তকুল। কারণ পরদিনই ভক্তদের কাঁদিয়ে কৈলাসে ফিরে যাবেন দুর্গতিনাশিনী মা দুর্গা। তাই মণ্ডপে মণ্ডপে চলছে দেবী দুর্গার ভক্তি, আরাধনা।
মঙ্গলবার সকালে শাস্ত্রীয় নিয়ম ও বিহিত পূজার মাধ্যমে মহানবমীর মূল আনুষ্ঠানিকতা পালিত হয়। রাজধানীর মহানগর সার্বজনীন পূজা কমিটির কেন্দ্রবিন্দু শ্রীশ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির, মেলাঙ্গনসহ দেশজুড়ে মণ্ডপে মণ্ডপে সকাল ৯টা ৫৭ মিনিটের মধ্যে শ্রীশ্রী দুর্গাদেবীর মহানবমী কল্পারম্ভ ও মহানবমী বিহিত পূজা, এরপর মধ্যাহ্নে বিভিন্ন মণ্ডপে ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হবে। নবমীর সন্ধ্যায় ঐতিহ্যবাহী আরতি প্রতিযোগিতা এবং ধূপ-দীপের সমারোহে মণ্ডপগুলোতে এক আবেগঘন উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হবে।
সনাতন ধর্মীয় রীতি অনুযায়ী, নবমী পূজাই দুর্গাপূজার মূল আচার-অনুষ্ঠানের শেষ দিন হিসেবে বিবেচনা করা হয়। পরের দিন কেবল বিসর্জন ও দেবী বিদায়ের পালা। ফলে নবমীর গভীর রাতে মণ্ডপে মণ্ডপে বিদায়ের করুণ সুর বেজে ওঠে। শারদীয় উৎসবের বিদায়লগ্নে রাজধানীর প্রতিটি মণ্ডপে সকাল থেকেই ভক্ত-পুণ্যার্থীদের ঢল নেমেছে। অঞ্জলি প্রদান, গঙ্গাজল, শুদ্ধ বস্ত্র, পুষ্পমাল্য, চন্দন ও ধূপদীপের সুবাসে মণ্ডপগুলো মুখরিত, মন্ডডগুলো। ভক্তরা কাঙ্ক্ষিত চরণে পুষ্পাঞ্জলি দিয়ে বিশ্বজনীন মঙ্গল ও শান্তি কামনা করছেন।
উৎসবের মহাষ্টমীর দিনে রাজধানীসহ দেশের নানা স্থানে উদ্যাপিত হয়েছে কুমারী পূজা। বিশেষ করে রাজধানীর রামকৃষ্ণ মিশন ও মঠে কুমারী মায়ের আরাধনা দেখতে ভক্তদের উপচে পড়া ভিড় ছিল। উলুধ্বনি, ঢাকের বাদ্য আর শঙ্খধ্বনিতে পুরো উৎসব এলাকা মুখরিত হয়ে ওঠে।
উল্লেখ্য, আগামীকাল বুধবার (২১ অক্টোবর) বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে এবারের শারদীয় দুর্গাপূজা। সকালে বিহিত পূজা ও দর্পণ বিসর্জনের পর সিঁদুর খেলা ও মায়ের বরণ অনুষ্ঠিত হবে। বিকেলে বিজয়া শোভাযাত্রা ও প্রতিমা বিসর্জনের মাধ্যমে ভক্তরা চোখের জলে মা দুর্গাকে বিদায় জানাবেন।
