সংগীতাঙ্গনে শোকের ছায়া। মারা গেছেন সংগীতশিল্পী ও অভিনেতা রুশনাফ ওয়াদুদ। সোমবার (১২ অক্টোবর) দুপুরে রাজধানীর বনানীতে নিজের বাসায় হৃদ্রোগে আক্রান্ত হয়ে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল মাত্র ৩৮ বছর।
রুশনাফের মৃত্যুর খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তাঁর দীর্ঘদিনের বন্ধু ও সংগীতশিল্পী আনান সিদ্দিকা। তিনি জানান, দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন রুশনাফ। শ্বাসকষ্টসহ বিভিন্ন সমস্যার কারণে স্বাভাবিক জীবনযাপনও কঠিন হয়ে পড়েছিল তাঁর। তবে শারীরিক কষ্টের মধ্যেও সংগীতের প্রতি ভালোবাসা ধরে রেখেছিলেন এই শিল্পী।
বন্ধুর স্মৃতিচারণা করতে গিয়ে আনান সিদ্দিকা বলেন, সর্বশেষ কথা হওয়ার সময় রুশনাফ তাঁকে বলেছিলেন, ‘আমি হয়তো বেশি দিন থাকব না।’ বন্ধুর এমন কথায় এখন আরও ভারী হয়ে উঠেছে তাঁর চলে যাওয়ার শোক।
আনান আরও জানান, অসুস্থতার মধ্যেও রুশনাফ গান গাইতে ভালোবাসতেন। গাইতে কষ্ট হলেও নিজের মানসিক আনন্দের জন্য টুকটাক গান করতেন তিনি। বন্ধুর কাছে রুশনাফ ছিলেন অত্যন্ত ভালো মনের একজন মানুষ।
গান ও অভিনয়ে ছিল স্বতন্ত্র পরিচয়:
ব্লান্ডারওয়্যার ব্যান্ডের ভোকালিস্ট হিসেবে পরিচিতি পান রুশনাফ। পরে দ্য অ্যাটেম্পটেড ব্যান্ডের ভোকালিস্ট হিসেবেও কাজ করেন তিনি। এই ব্যান্ডের ‘এই বিকেলে’ ও ‘ও মৌসুমী’ গান দুটি শ্রোতাদের কাছে পরিচিত। গায়কির পাশাপাশি গীতিকার হিসেবেও প্রশংসা পেয়েছিলেন তিনি।
সংগীতের বাইরেও অভিনয়ে নিজের প্রতিভার পরিচয় দিয়েছেন রুশনাফ। ২০১৯ সালে মুক্তি পাওয়া প্রশংসিত অ্যান্থলজি চলচ্চিত্র ‘ইতি, তোমারই ঢাকা’য় অভিনয় করেন তিনি। এ ছাড়া আবরার আতাহারের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘লাইফ ইন আদার ওয়ার্ডস’এ ‘নগণ্য মানুষ’ গানে কণ্ঠ দিয়েছিলেন এই শিল্পী।
তরুণ বয়সেই তাঁর এই চলে যাওয়া সংগীত ও অভিনয়জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি। রেখে গেলেন গান, অভিনয় আর প্রিয়জনদের স্মৃতিতে বেঁচে থাকার এক অধ্যায়।
