সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী ছিলেন শিক্ষা, মানবতা ও ন্যায়বিচারের প্রতীক। তিনি নারী শিক্ষা, ধর্মীয় সমপ্রীতি এবং শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা রেখেছেন। তাঁর জীবন ও আদর্শ আজও আমাদের জন্য প্রেরণার উৎস। তিনি ছিলেন অসামপ্রদায়িক বাঙালি গড়ার কারিগর, অহিংস মতবাদের ধারক ও মুক্তবুদ্ধি চর্চার মনীষী। কদম মোবারক মুসলিম এতিমখানা তার অন্যতম কীর্তি। তিনি আমাদের ইতিহাসের এক অমর নাম। তাঁর মৌলিক চিন্তার ফসল আমাদের সাহিত্য অঙ্গনকে নতুন দিক নির্দেশনা প্রদান করে। আমাদের জাতিসত্তা বিনির্মাণে তার অবদান ইতিহাসের সোনালি পাতায় খচিত হয়ে থাকবে।
তিনি গতকাল শনিবার মনিরুজ্জামান ইসলামাবাদী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্রপথিক মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদীর ৭৬ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কদম মোবারক মুসলিম এতিমখানার উদ্যোগে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, অবিভক্ত বাংলা ও ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম, শিক্ষা বিস্তার এবং সমাজ সংস্কারে স্বাধীনতা সংগ্রামী ও প্রখ্যাত সাংবাদিক মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদীর অবদান চিরস্মরণীয়। তিনি কেবল একজন আলেম বা রাজনীতিবিদ ছিলেন না, বরং একাধারে প্রখ্যাত সাংবাদিক, লেখক ও সমাজসেবক হিসেবে এই অঞ্চলের অনগ্রসর মুসলিম সমপ্রদায়কে শিক্ষার আলোয় আলোকিত করতে আজীবন কাজ করে গেছেন। জাতীয় আরবি বিশ্ববিদ্যালয়ের স্বপ্নদ্রষ্টা এবং কদম মোবারক মুসলিম এতিমখানা ও স্কুলের প্রতিষ্ঠাতা হিসেবে মনিরুজ্জামান ইসলামাবাদীর অবদান ইতিহাসে উজ্জ্বল হয়ে থাকবে।
এতিমখানা পরিচালনা পরিষদের সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামরুজ্জামানের সভাপতিত্বে ও এস এম সালাউদ্দীনের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক হারুন জামান, আহমেদুল আলম চৌধুরী রাসেল, চবি অধ্যাপক জিনবোধি ভিক্ষু, শিক্ষাবিদ ও লেখক ড. শামসুদ্দিন শিশির, চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক মোহাম্মদ ওমর ফারুক।
বক্তব্য দেন, কদম মোবারক মুসলিম এতিমখানার সিনিয়র সহ সভাপতি এস এম মোর্শেদ হোসেন, সহসভাপতি হাফেজ আমান উল্লাহ, মুজিবুল হক সিদ্দিকী, সাধারণ সমম্পাদক প্রফেসর ডা. পারভেজ ইকবাল শরীফ, সহসাধারণ সম্পাদক মো. আবুল কাশেম, অর্থ সম্পাদক ইঞ্জিনিয়ার জাবেদ আবছার চৌধুরী, শিক্ষা সম্পাদক ড. মো. সানাউল্লাহ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আলাউদ্দিন আলী নূর, প্রচার ও পাঠাগার সম্পাদক ওয়াকিল আহমদ সিকদার, সাধারণ সদস্য অ্যাডভোকেট মো. আকতার, এমদাদুল আজিজ চৌধুরী, শাহ আলম চৌধুরী, হুমায়ুন খান, প্রতিষ্ঠাতা সদস্য এ এম এস ইসলামাবাদী (গাজী), মতোয়াল্লী সদস্য আজাদ উল্লাহ খান, দাতা সদস্য নুরুল আলম, সাধারণ সদস্য (প্রধান শিক্ষক) মো. আবু জহুর. কদম মোবারক শাহী জামে মসজিদের খতিব মাওলানা বদিউল আলম রিজভী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

