চাঁদপুরের মতলব উত্তরের ষাটনলের সটাকি লঞ্চঘাটের অদূরে মেঘনা নদীতে ইলিশ শিকারি জেলেদের ধাওয়া করতে গিয়ে নৌ-পুলিশের একটি স্পিডবোট ডুবে গেছে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও পুলিশের একটি শটগান পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সকালে সটাকি লঞ্চঘাট থেকে আনুমানিক ৫০০ মিটার দূরে মেঘনা নদীতে এই দুর্ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চাঁদপুর সদর নৌ-পুলিশের ইনচার্জ আজমগীর হোসাইন জানান, মা ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে নদীতে টহল দেওয়ার সময় জেলেদের ধাওয়া করলে দুর্ঘটনার কবলে পড়ে স্পিডবোটটি ডুবে যায় এবং একপর্যায়ে পুলিশের ব্যবহৃত একটি শটগান পানিতে পড়ে হারিয়ে যায়।
চাঁদপুর নৌ অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান জানান, দুর্ঘটনাকবলিত স্পিডবোটটি নদী থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে নিখোঁজ শটগানটি উদ্ধারে দুর্ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান পরিচালনা করছে।
এদিকে মা ইলিশ রক্ষায় চলমান ২২ দিনের নিষেধাজ্ঞার অংশ হিসেবে পরিচালিত অভিযানে গত ২৪ ঘণ্টায় চাঁদপুরের বিভিন্ন নৌ-সীমানায় ১৪টি মামলায় মোট ২৮ জন অসাধু জেলেকে গ্রেপ্তার করেছে নৌ-পুলিশ ও মৎস্য বিভাগ।
এর মধ্যে চাঁদপুর সদর নৌ-পুলিশের অভিযানে ১৪ জন এবং মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির অভিযানে ১০ জন গ্রেপ্তার হন। বাকি চারজনকে অন্যান্য নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা অভিযান চালিয়ে গ্রেপ্তার করেন।
অভিযানকালে আটককৃত জেলেদের ব্যবহৃত নৌকা, বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল ও জব্দকৃত মা ইলিশ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মা ইলিশ স্থানীয় এতিমখানা ও দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়েছে এবং জব্দকৃত কারেন্ট জাল জনসমক্ষে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
জেএইচআর
