Published on
:
2 min read
চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোর মণ্ডপে পদপিষ্ট হওয়ার ঘটনায় সিট গঠন করেছে রাজ্য সরকার। কর্মরত কোনও বিচারপতির নেতৃত্বে এই কমিটি গঠনের সদিচ্ছা থাকলেও কলকাতা হাইকোর্টের নির্দেশ অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তৈরি হয়েছে ছয় সদস্যের কমিটি। নেতৃত্বে রয়েছেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতী। ঠিক কী কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটল, তা খুঁজে বের করাই এই কমিটির প্রধান লক্ষ্য হবে বলে জানালেন প্রাক্তন বিচারপতি।
বেসরকারি এক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে প্রাক্তন বিচারপতি বলেন, ‘আমাদের মূল লক্ষ্য, ঘটনা ঠিক কী কারণে ঘটল, তা খুঁজে বের করা। পিন পয়েন্ট করতে হবে। বিভিন্ন কারণেই এই ঘটনা ঘটতে পারে। যেমন, জনসাধারণের জন্য, বৃষ্টির জন্য, প্যান্ডেলে আলোর অভাবে জন্য। ঠিক কারণ কী তা একেবারে নির্দিষ্ট (পিন পয়েন্ট) করতে হবে। কারা দোষী তা বের করতে হবে। সেই অনুযায়ী আমাদের সিদ্ধান্ত নিতে হবে।’
কলকাতা হাইকোর্ট জানিয়েছে, অবসরপ্রাপ্ত কোনও বিচারপতির নেতৃত্বে এই তদন্ত কমিশন গঠন হওয়ায় উচ্চ আদালত এই তদন্তের নজরদারি করবে না। তিন মাসের মধ্যে এই কমিটিকে রিপোর্ট জমা দিতে হবে। কিন্তু তিন মাসে কি শেষ হবে কমিটির কাজ? অবসরপ্রাপ্ত বিচারপতির কথায়, ‘তিন মাস খুবই অল্প সময়। তবে আমাদের তো চেষ্টা করতেই হবে। এখন থেকেই হাল ছেড়ে দিলাম বললে হবে না।’
এই ঘটনায় কে বা কারা দোষী, সেটা খুঁজে বের করার পাশাপাশি আগামী দিনে যাতে এই ধরনের ঘটনা না ঘটে, সেই ব্যাপারেও সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন বলে জানান তিনি। অনিন্দিতা রায় সরস্বতী বলেন, ‘আমাদের এমন কিছু সিদ্ধান্ত নিতে হবে, যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে। যে সমস্ত ভুলভ্রান্তি হয়েছিল, সেগুলি যাতে আর না হয়, সেই ব্যবস্থা করতে হবে। ভালো ভাবে যাতে পুজোর আয়োজন করা যায়, কারও প্রাণহানি যাতে না হয়, তা আমাদের দেখতে হবে।’
