স্টাফ রিপোর্টার : সিলেট নগরীতে পুলিশের অভিযানে বিপুল ভারতীয় ফুচকাসহ বিভিন্ন চোরাইপণ্য জব্দ করা হয়েছে। এসময় একটি পিকআপ গাড়িসহ দুইজনকে আটক করেছে পুলিশ। সোমবার সন্ধ্যা ৭টার দিকে নগরীর মহাজনপট্টিতে চেকপোস্ট চলাকালে পণ্যসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন-মৌলভীবাজার জেলার জুড়ী থানার বেলাগাঁও এলাকার মো. লিয়াকত আলীর ছেলে মো. আতাউর রহমান (৩৫) এবং সিলেট জেলার গোলাপগঞ্জ থানার ফুলবাড়ী এলাকার মৃত পচন আলীর ছেলে জেবুল আহমদ (৫৫)।
এসএমপি সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা ৭টার দিকে নগরীর মহাজনপট্টিতে চেকপোস্ট চলাকালে একটি সাদা ও পীত রঙের পিকআপ গাড়িকে থামার সংকেত দিলে চালক তা অমান্য করে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ ধাওয়া করে কাষ্টঘর-সোবহানীঘাটগামী সড়কের কাষ্টঘর মোড়সংলগ্ন মেসার্স ইউসুফ এন্টারপ্রাইজের সামনে পাকা রাস্তা থেকে পিকআপ গাড়িসহ দুইজনকে আটক করে। এসময় পিকআপ (ঢাকা মেট্রো-ঠ-১১-৭৪৪৩) গাড়িটি তল্লাশি করে ৯৮০ প্যাকেট ভারতীয় ফুচকা, ২০০ প্যাকেট গুঁড়া বিট লবণ, ১০০ প্যাকেট টি-সল্ট এবং ৫০ কেজি সাইট্রিক অ্যাসিড উদ্ধার করা হয়। জব্দ করা এসব মালামালের আনুমানিক মূল্য ৩ লাখ ১৫ হাজার টাকা।
মঙ্গলবার (১৩ অক্টোবর) এর সত্যতা নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের মিডিয়ার অতিরিক্ত দায়িত্বে থাকা উপ পুলিশ কমিশনার (সিটিএসবি) মোহাম্মদ আফজাল হোসাইন বলেন, আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
