মাগুরায় পৌর যুবদল নেতা শাকের হোসেনকে গুলি করে হত্যার বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ জনতা। আজ শনিবার দুপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে মাগুরা-ঢাকা মহাসড়কের পারনান্দুয়ালী এলাকায় টায়ার জ্বালিয়ে তাঁরা অবরোধ করেন। এ সময় হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা।
জানা যায়, গত বুধবার (২১ অক্টোবর) ভোরে মাগুরা কেন্দ্রীয় বাস টার্মিনালের রয়েল এক্সপ্রেস কাউন্টারে গুলিবিদ্ধ হয়ে নিহত হন শাকের হোসেন। তিনি মাগুরা পৌর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ছিলেন। এ ঘটনায় তাঁর স্ত্রী বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন।
অবরোধ চলাকালে বিক্ষুব্ধ ব্যক্তিরা বিভিন্ন স্লোগান দিয়ে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। তাঁরা বলেন, হত্যাকাণ্ডের আসামিদের গ্রেপ্তার করে শাস্তির ব্যবস্থা না করা পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে। প্রয়োজনে আগামী দিনগুলোতে আরও বড় কর্মসূচি দেওয়া হবে।
এর আগে মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, হত্যাকাণ্ডের ৭২ ঘণ্টা পেরিয়ে গেলেও পুলিশ প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার করতে পারেনি। তাঁরা দ্রুত ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানান। একই সঙ্গে মাগুরায় বিভিন্ন হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধারেও পুলিশের প্রতি আহ্বান জানান তাঁরা।
এ বিষয়ে মাগুরা জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) নিশাত আল নাহিয়ান বলেন, জেলা পুলিশ হত্যাকাণ্ডটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। হত্যার পেছনের ঘটনা উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। আশপাশের বিভিন্ন স্থানে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ যাচাই-বাছাই করে তথ্য সংগ্রহ করা হচ্ছে।
