চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া পুরাতন কলেজ গেট থেকে খাঁনহাট পর্যন্ত সড়কের দুই পাশের ফুটপাত দখলমুক্ত করতে আল্টিমেটাম দিয়েছেন চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ।
তিনি নির্দেশ দিয়েছেন, আগামী বুধবারের মধ্যে দোকানের সামনে ফুটপাত দখল করে রাখা সব মালামাল নিজ দায়িত্বে সরিয়ে নিতে হবে। অন্যথায় বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের মাধ্যমে অবৈধভাবে রাখা মালামাল উচ্ছেদ করা হবে।
মঙ্গলবার রাতে দ্বিতীয়বারের মতো মহাসড়কের গাছবাড়িয়া পুরাতন কলেজ গেট থেকে খাঁনহাট পর্যন্ত এলাকা সরেজমিনে পরিদর্শনকালে তিনি এ হুঁশিয়ারি দেন।
এ সময় সংসদ সদস্য জসীম উদ্দীন আহমেদ বলেন, মহাসড়কের ওপর কোনো সিএনজিচালিত অটোরিকশার স্ট্যান্ড রাখা যাবে না। ফুটপাতেও দোকানের কোনো মালামাল রাখা যাবে না। যান চলাচল স্বাভাবিক রাখতে মহাসড়ক সম্পূর্ণ উন্মুক্ত রাখতে হবে।
পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, চন্দনাইশ থানা-পুলিশের সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় যানজট নিরসনে গাছবাড়িয়া পুরাতন কলেজ গেট ও খাঁনহাট পয়েন্টে ট্রাফিক পুলিশ মোতায়েনের নির্দেশ দেন তিনি।
সংসদ সদস্যের এ ঘোষণার পর গাছবাড়িয়া বাজারের ব্যবসায়ীদের মধ্যে ফুটপাত থেকে মালামাল সরিয়ে নেওয়ার তৎপরতা শুরু হয়েছে।
চন্দনাইশে গাছবাড়িয়া পুরাতন কলেজ গেট থেকে খাঁনহাট পর্যন্ত ফুটপাত দখলমুক্ত করতে আল্টিমেটাম দিয়েছেন সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ। বুধবারের মধ্যে মালামাল সরিয়ে না নিলে বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের মাধ্যমে উচ্ছেদ অভিযান চালানো হবে বলে জানান তিনি। মঙ্গলবার রাতে এলাকা পরিদর্শন করেন সংসদ সদস্য।
The post চন্দনাইশে ফুটপাত দখলমুক্ত করতে এমপি জসীম উদ্দীনের আল্টিমেটাম appeared first on ভোরের চেতনা.
