কাতারে শেষ হয়েছে আন্তর্জাতিক নিরাপত্তা ও সুরক্ষাবিষয়ক প্রদর্শনী ‘মিলিপোল কাতার ২০২৬’-এর ১৬তম আসর। তিন দিনব্যাপী এ আয়োজনে স্থানীয় ও আন্তর্জাতিক ২৭০টির বেশি প্রতিষ্ঠান অংশ নেয়। প্রদর্শনী চলাকালে মোট ৯৬টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যার আর্থিক মূল্য ৮১৯.৭৭ মিলিয়ন কাতারি রিয়াল।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রদর্শনীটির সমাপ্তির তথ্য জানায়। রাজধানী দোহার দোহা এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এ আয়োজনে ১৬ হাজারের বেশি দর্শনার্থী অংশ নেন, যা আগের আসরের তুলনায় ১০ শতাংশ বেশি।

সমাপনী সংবাদ সম্মেলনে মিলিপোল কাতার কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল নাসের বিন ফাহাদ আল থানি বলেন, বর্তমান সময়ের নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারি নিরাপত্তা সংস্থা, বেসরকারি প্রতিষ্ঠান ও প্রযুক্তি খাতের মধ্যে সমন্বয় বাড়ানো জরুরি। পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে সহযোগিতা জোরদারের ওপরও গুরুত্ব দেন তিনি।
এবারের প্রদর্শনীর অন্যতম আকর্ষণ ছিল ‘আন্তর্জাতিক দোহা সম্মেলন অন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড সিকিউরিটি’। সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, প্রযুক্তির ওপর আস্থা, সুশাসন, সার্বভৌমত্ব এবং দায়িত্বশীল প্রযুক্তি ব্যবহারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
এ ছাড়া প্রদর্শনীর অংশ হিসেবে আয়োজন করা হয় ‘এলিট চ্যাম্পিয়নশিপ ফর দ্য ফিজিক্যাল চ্যালেঞ্জ’। শারীরিক সক্ষমতা বৃদ্ধি, শৃঙ্খলা ও প্রতিযোগিতামূলক মনোভাব বিকাশে এ আয়োজন ভূমিকা রাখে।
মিলিপোল এক্সিবিশনসের পরিচালক কারেন গালস্তিয়ান বলেন, এ প্রদর্শনী বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে পেশাগত যোগাযোগ ও অংশীদারত্ব বৃদ্ধির পাশাপাশি নীতিনির্ধারক এবং সরকারি সংস্থাগুলোর সঙ্গে কার্যকর সহযোগিতার সুযোগ তৈরি করেছে।
তিনি আরও বলেন, তিন দশক ধরে গড়ে ওঠা এ অংশীদারত্ব আন্তর্জাতিক নিরাপত্তা সহযোগিতার ক্ষেত্রে একটি সফল দৃষ্টান্ত।
আয়োজকদের ঘোষণা অনুযায়ী, মিলিপোল কাতারের পরবর্তী আসর অনুষ্ঠিত হবে ২০২৮ সালের ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত।
/অ
