Published on
:
1 min read
সোমবার মালদা জেলায় স্থায়ীকরণ, বেতন বৃদ্ধিসহ একাধিক দাবিত আন্দোলনে নামলেন বিভিন্ন পঞ্চায়েতে কর্মরত অস্থায়ী কর্মীরা। 'পশ্চিমবঙ্গ জিআরএস, ভিএলই এবং এসটিপি কর্মী সাথী'-র যৌথ মঞ্চের আহ্বানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা বহু কর্মী মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বরে জড়ো হয়ে তীব্র বিক্ষোভ প্রদর্শন করেন। এই আন্দোলনকে ঘিরে প্রশাসনিক ভবন চত্বরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আন্দোলনকারীদের অভিযোগ, তাঁরা দীর্ঘদিন ধরে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পঞ্চায়েতের বিভিন্ন স্তরে কাজ করে আসলেও এখনও পর্যন্ত স্থায়ীকরণ বা ন্যায্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন। দীর্ঘদিন পরিষেবা দেওয়া সত্ত্বেও তাঁদের চাকরির নিশ্চয়তা হয়নি এবং উপযুক্ত বেতন নিয়েও অনিশ্চয়তা কাটেনি।
এই পরিস্থিতিতে সমস্যাগুলির দ্রুত সমাধানে প্রশাসনের সরাসরি হস্তক্ষেপ দাবি করেছেন কর্মীরা। তাঁদের মূল দাবি, অস্থায়ী কর্মীদের চাকরির দ্রুত স্থায়ীকরণ, ন্যায্য বেতন বৃদ্ধি এবং অন্যান্য আনুষঙ্গিক সুবিধা নিশ্চিত করা। বিক্ষোভ কর্মসূচি শেষে সংগঠনের প্রতিনিধি দল জেলা প্রশাসনের হাতে তাঁদের দাবি-দাওয়া ডেপুটেশন বা স্মারকলিপি তুলে দেন। প্রশাসন যাতে তাঁদের দাবিগুলি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে, সেই আবেদনও জানানো হয়। আন্দোলনকারীরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, জেলা প্রশাসন যদি দ্রুত তাঁদের দাবি মেনে না নেয়, তবে আগামী দিনে তাঁরা আরও বৃহত্তর আন্দোলনের পথ বেছে নিতে বাধ্য হবেন।
এক আন্দোলনকারী বলেন, তারা গ্রামপঞ্চায়েতে কর্মরত কর্মী। কেউ আট বা কেউ দশ বছর ধরে কাজ করছে। বর্তমানে তারাই ভি বি জি রাম জি-র অন্যতম কারিগর। তৃণমূল সরকারের আমলে তারা বঞ্চিত হয়ে এসেছে। কিন্তু বর্তমান সরকারের তারা বিরোধী নয়। তারা সরকারের পাশেই আছে। তাদের বেতন বৃদ্ধি নিয়ে তারা এই আন্দোলন চালিয়ে যাবে।
