‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ এই প্রতিপাদ্য সামনে রেখে টাঙ্গাইলের বাসাইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা এবং অগ্নিকাণ্ড ও ভূমিকম্পবিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়।
কর্মসূচির শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। পরে বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রূপ জিন্নাত রিয়া।
আলোচনা সভায় বাসাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিয়ান মুনসীফ, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মতিউর রহমান খান বক্তব্য দেন।
বক্তারা বলেন, প্রাকৃতিক বা মানবসৃষ্ট যেকোনো দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে সচেতনতা ও পারিবারিক প্রস্তুতির বিকল্প নেই। পূর্বাভাস অনুসরণ, দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়া এবং জরুরি মুহূর্তে সঠিক পদক্ষেপ নেওয়ার মাধ্যমে একটি দুর্যোগ সহনশীল সমাজ ও দেশ গড়ে তোলা সম্ভব।
আলোচনা পর্ব শেষে বাসাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের পক্ষ থেকে উপজেলা কেন্দ্রীয় মাঠে ভূমিকম্প ও অগ্নিদুর্ঘটনার সময় আত্মরক্ষা, আগুন নিয়ন্ত্রণ এবং দ্রুত উদ্ধার কার্যক্রমের বিভিন্ন কৌশল প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে বাসাইল উপজেলা মৎস্য কর্মকর্তা হাসিবুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক নুরুল ইসলাম, ফায়ার স্টেশন কর্মকর্তা নুরুল ওয়াদুদ ও বাসাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
জেএইচআর
