এ ঘটনায় দুজনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ।
Published : 22 Oct 2026, 04:15 PM
Updated : 22 Oct 2026, 04:16 PM
রাজধানীর হাজারীবাগে এ জে আর কুরিয়ার সার্ভিসের গুদামে হামলার ঘটনায় একটি মামলা হয়েছে, তাতে ‘শীর্ষ সন্ত্রাসী’ সানজিদুল ইসলাম ইমনের বিরুদ্ধে হুকুম দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
এ জে আর সার্ভিসের ম্যানেজার আফসার উদ্দীন বুধবার রাতে বাদী হয়ে এ মামলা করেন বলে হাজারীবাগ থানার ওসি মোশাররফ হোসেন জানান।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শিকদার মেডিকেল কলেজসংলগ্ন কুরিয়ার সার্ভিসটির গুদাম ও কার্যালয়ে হামলা করে এক দল লোক।
মুখোশ ও হেলমেট পরা হামলাকারীরা ভাঙচুর ও লুটপাট করে চলে যাওয়ার আগে ‘জমির ভাড়া’ পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনকে দেওয়ার হুমকি দিয়ে গেছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। হামলাকারীরা ল্যাপটপ, সিসি ক্যামেরা ও ফুটেজ সংরক্ষণের যন্ত্র (ডিভিআর) নিয়ে গেছে বলেও অভিযোগ করা হয়েছে।
ঘটনার পর ওসি মোশাররফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
এ ঘটনায় জড়িত দুই জনকে গ্রেপ্তারের তথ্য দিয়ে ওসি বলেন, অনধিকার প্রবেশ, চাঁদাদাবি, ভাংচুর, ভয়ভীতি, হুমকি, অনুপস্থিত থেকে হুকুম দেওয়ার অভিযোগ এনে মামলাটি করা হয়েছে।
মামলায় ইমনকে হুকুমদাতা হিসেবে রেখে অজ্ঞাতনামা ৭০/৮০ জনকে আসামি করার কথা জানান তিনি।
ওসি বলেন, “এই ঘটনায় জড়িত অভিযোগে বুধবার রাতে একজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠান হয়েছে। অন্যজনকে আজ দুপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার করা হয়।”
